বন্ধ হবে না! ১ এপ্রিল থেকেই নির্বাচনী বন্ড বিক্রি করা যাবে, রায় সুপ্রিম কোর্টের

আমাদের ভারত, ২৬ মার্চ: রাজনৈতিক দলগুলিকে অনুদান দেওয়ার ব্যাপারে স্বচ্ছতা রাখতে নির্বাচনী বন্ড চালু হয়েছিল। এ বছর পয়লা এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত নির্বাচনী বন্ড বিক্রি করার কথা। সুপ্রিমকোর্টে বন্ড বিক্রি বন্ধের আর্জি জানিয়েছিল অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস নামে একটি সংগঠন। তাদের সেই আর্জি সুপ্রিমকোর্ট শুক্রবার খারিজ করে দেয়। সুপ্রিম কোর্ট রায় দেয় পয়লা এপ্রিল থেকে নির্বাচনী বন্ড বিক্রি করা যাবে।

২০১৭ সালের কেন্দ্রীয় বাজেটে নির্বাচনী বন্ডের কথা ঘোষণা করা হয়। বন্ড কেনার মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও সংস্থা রাজনৈতিক দলকে অনুদান দেয়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াই এই বন্ড বিক্রি করতে পারে। কোনো ব্যক্তি বা সংস্থা কত বন্ড কিনবে পারবে তার কোনো নির্দিষ্ট সীমা নেই।

২০১৮ সালের মার্চ থেকে ২০২১ সালে জানুয়ারি পর্যন্ত ৬৫৩৪ কোটি ৭৮ লক্ষ টাকার বন্ড বিক্রি হয়েছে। কোনও ব্যক্তি বা সংস্থা বন্ড কিনে কোন পার্টিকে অনুদান দিচ্ছে তা গোপন রাখা হয়। বন্ডের মাধ্যমেকে অনুদান দিচ্ছে তা রাজনৈতিক দলগুলির জানাতে বাধ্য নয়।

এর আগে নিয়ম ছিল যে ব্যক্তি বা সংস্থা কুড়ি হাজার টাকার বেশি চাঁদা দেবে তার নাম জানাতে বাধ্য থাকবে রাজনৈতিক দলগুলি। কিন্তু বন্ডের ক্ষেত্রে সেই বাধ্যবাধকতা নেই।

যে সামাজিক সংগঠনগুলো নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য আন্দোলন করে, তাদের বক্তব্য বন্ড বিক্রির মাধ্যমে ভোটারদের তথ্য জানার অধিকার ক্ষুন্ন করা হয়েছে। অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিপাবলিক শীর্ষ আদালতে আর্জি জানিয়ে ছিল, রাজনৈতিক দলগুলো অনুদান পাওয়ার ব্যাপারে কতদূর স্বচ্ছতা বজায় রাখে তা আগে খতিয়ে দেখা হোক। তারপরে বন্ড বিক্রি করা হবে। ওই সংগঠনের সন্দেহ পশ্চিমবঙ্গ অসম সহ কয়েকটি রাজ্যে নির্বাচনের আগে বিভিন্ন কোম্পানির মাধ্যমে রাজনৈতিক দলগুলিকে চাঁদা দেওয়া হবে। তাদের আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন নির্বাচনী বন্ডের নামে কার্যত শাসক দলকে ঘুষ দেওয়া হয়। এর আগে রিজার্ভ ব্যাংক বলেছিল নির্বাচন বন্ড আর্থিক কেলেঙ্কারির অস্ত্র হয়ে উঠবে। প্রশান্ত ভূষণের মতে কালোটাকা সম্পর্কে সরকারের প্রকৃত মনোভাব কি তা বন্ড চালু করা থেকে স্পষ্ট হয়ে যায়।

কিন্তু সুপ্রিম কোর্টের বক্তব্য ২০১৮-১৯ সালে বন্ড বিক্রি হয়েছে। এ ব্যাপারে যথেষ্ট সর্তকতা অবলম্বন করা হয়েছে সুতরাং এবছর বন্ড বিক্রি বন্ধ করার কোনো অর্থ হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *