আমাদের ভারত, ২৭ এপ্রিল:ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে দেশে যে করোনা পরিস্থিতি তৈরি হয়েছে তাকে জাতীয় বিপর্যয় বলে মন্তব্য করল দেশের শীর্ষ আদালত। বাড়তে থাকা সংক্রমনের মোকাবিলায় রাজনৈতিক চর্চার বদলে মানুষের জীবন বাঁচানো প্রশাসনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত বলে নিজের পর্যবেক্ষণে জানিয়েছে শীর্ষ আদালত। এ বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকার কি কি ব্যবস্থা নিয়েছে তা বিশদে জানতে চেয়ে হলফনামা তলব করেছে দেশের শীর্ষ আদালত।
মঙ্গলবার এই বিষয়ে একটি রিপোর্ট চেয়েছেন তারা। আদালত জানিয়েছে শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হবে। আজ এই গভীর সংকট পরিস্থিতি সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সেখানে রাজ্যগুলির কাছে স্বাস্থ্য পরিকাঠামো সম্পর্কে বিশদ জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। বাড়তে থাকা এই সংক্রমণ মোকাবিলা করার মত পরিকাঠামো রাজ্যগুলির কাছে আছে কিনা সে ব্যাপারেও রিপোর্ট দিতে বলেছে সুপ্রিম কোর্ট।
অন্যদিকে কেন্দ্রের উদ্দ্যেশ্যে আদালতের প্রশ্ন আগামী এক সপ্তাহে দেশের অক্সিজেনের চাহিদা মেটানোর জন্য কি পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র? চাহিদা ভিত্তিক কেন্দ্রের কাছে যোগান আছে কিনা?যেসব এলাকায় সংক্রমণ বেশি সেখানে পর্যাপ্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী আছে কিনা তাও কেন্দ্রকে জানাতে বলেছে শীর্ষ আদালত।
টিকাকরণ সম্পর্কে কেন্দ্রের কাছে আদালত জানতে চেয়েছে তৃতীয় পর্যায়ের যে টিকা করন শুরু হতে চলেছে তির জন্য প্রয়োজনীয় টিকা আদৌ মজুদ আছে কিনা। এইসব বিষয় জানিয়ে কেন্দ্রকে একটি হলফনামা পেশ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এর পাশাপাশি করোনা মোকাবিলার দুটি গুরুত্বপূর্ণ ওষুধ রেমডিসিভির এবং ফাভিপিরাভির সমস্ত রোগী পাবে কিনা সে বিষয়ের তথ্যও ওই হলফনামায় জমা দিতে বলেছে শীর্ষ আদালত।

