আমাদের ভারত, ১৫ ফেব্রুয়ারি:গ্রাহকদের গোপনীয়তা রক্ষার প্রশ্নে ফেসবুক হোয়াটসঅ্যাপকে এবার নোটিস ধরালো সুপ্রিম কোর্ট। সোমবার এই বিষয়ে শীর্ষ আদালতের তরফে বলা হয় গ্রাহকের গোপনীয়তা প্রশ্নে আশঙ্কা তৈরি হলে তাতে হস্তক্ষেপ করতে হবে। এই মর্মে কেন্দ্রীয় সরকারকেও নোটিশ ধরিয়েছে শীর্ষ আদালত। একটি মামলার শুনানির সময় গ্রাহকদের গোপনীয়তা রক্ষা যে আদালতের দায়িত্ব তাও মনে করিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
ফেসবুক হোয়াটসঅ্যাপের উদ্দেশ্যে প্রধান বিচারপতির মন্তব্য, “সকলের কাছে তার গোপনীয়তার অধিকার গুরুত্বপূর্ণ। আপনারা দুই থেকে তিন ট্রিলিয়ন ডলারের সংস্থা হতে পারেন, তবে মানুষের গোপনীয়তা রক্ষা দায়িত্ব আমাদের এবং আমাদের তা করতে হবে।”
জানুয়ারিতে পরিষেবা সংক্রান্ত সুরক্ষা বিধিতে বদল আনার ঘোষণা করেছে তারা। হোয়াটসঅ্যাপ জানিয়েছিল ৮ ফেব্রুয়ারি থেকে তা কার্যকর করা হবে। তবে দেশজোড়া গ্রাহকদের আশঙ্কায় তা পিছিয়ে দিতে বাধ্য হন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। নিজেদের কথা বার্তা ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয় বহু গ্রাহকের। হোয়াটসঅ্যাপের নয়া বিধিনিষেধ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন অনেকেই। আদালতে তাদের তরফে আইনজীবীর দাবি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর থেকে এদেশে তাদের সুরক্ষা সংক্রান্ত নীতিতে পার্থক্য করেছে হোয়াটসঅ্যাপে। তবে হোয়াটসঅ্যাপের তরফের আইনজীবী জানিয়েছেন, “বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে হোয়াটসঅ্যাপের বিশেষ তথ্য সুরক্ষিত নীতি আলাদা। ওখানে আইন হলে আমরাও তা অনুসরণ করব।”
কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মন্তব্য নিজেদের তথ্য সুরক্ষা নিয়ে মানুষের আশঙ্কা রয়েছে। মানুষের মনে হচ্ছে কাউকে মেসেজ করলে তা সম্পূর্ণ ফেসবুকে ফাঁস হয়ে যাবে। এ বিষয়ে দুই সংস্থা কি প্রতিক্রিয়া দেয় সেদিকে নজর থাকবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। এই মামলার শুনানি হবে আবার চার সপ্তাহ পরে।

