কেন্দ্রের সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে হস্তক্ষেপ নয়, প্রকল্প সংক্রান্ত মামলা হাইকোর্টে দ্রুত শুনানি করার পরামর্শ সুপ্রিম কোর্টের

আমাদের ভারত, ৭ মে: করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল ভিস্তার প্রকল্পের নির্মাণ কাজ বন্ধ রাখার যে আবেদন জমা পড়েছিল তা আজ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এই রায় দিয়েছেন বিচারপতি বিনীত শ্যারণ এবং বিচারপতি দীনেশ মাহেশ্বরীর বেঞ্চ। এছাড়া দিল্লি হাইকোর্টে এই আবেদনটি বিচারাধীন থাকায় সোমবার সেখানেই দ্রুত শুনানির পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত।

করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের মধ্যে দিল্লিতে এই প্রকল্পের নির্মাণকাজে স্থগিতাদেশ জারির জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানানো হয়েছিল। তবে একই আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টে একটি মামলা চলছে। সেই মামলার শুনানি ১৭ মে পর্যন্ত স্থগিত রয়েছে। তাই এই বিষয়ে হস্তক্ষেপ করতে রাজি নয় সুপ্রিম কোর্ট।

দিল্লি বিপর্যয় মোকাবিলা দপ্তর এই নির্মাণকাজে স্থগিতাদেশ দিলেও এই প্রকল্পটিকে অত্যাবশ্যক পরিষেবা প্রকল্পের আওতায় এনে কাজ চালিয়ে যাচ্ছে কেন্দ্র। শীর্ষ আদালতে এর বিরুদ্ধে আপত্তি জানিয়ে আবেদনকারীদের আইনজীবী সিদ্ধার্থ লাথুরা প্রশ্ন তুলেছেন, “দেশে স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থায় নির্মাণ কাজ কিভাবে অত্যাবশ্যক হতে পারে?”

করোনার ফলেই দিল্লির স্বাস্থ্য ব্যবস্থার ভগ্নদশা প্রকাশ্যে এসেছে। লুথেরার মতে নির্মাণ কর্মী ও তাদের পরিবারের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া যায় না। তাঁর আরো দাবি, এইভাবে স্বাস্থ্য পরিষেবাতেও চাপ তৈরি করতে পারি না আমরা। যদিও তার এই দাবি অস্বীকার করেছেন কেন্দ্রের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *