পানিহাটিতে তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুনের ঘটনায় গ্রেপ্তার এক সুপারি কিলার

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৪ মার্চ: পানিহাটিতে তৃণমূলের নব নির্বাচিত কাউন্সিলরকে লক্ষ্য করে মাথায় গুলি করে খুনের ঘটনায় এক জন সুপারি কিলারকে গ্রেপ্তার করল পুলিশ। রহস্য দ্রুত উন্মোচন করতে এই খুনের ঘটনার তদন্তে এল সিআইডির তদন্তকারী দল।
কিছুটা ফিল্মি কায়দায় পানিহাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনায় এলাকাবাসী এক সুপারি কিলারকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনায় শম্ভু পণ্ডিত নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে খড়দহ থানার পুলিশ। সারারাত তল্লাশি চালিয়ে অবশেষে ফিল্মি কায়দায় সোমবার ভোর রাতে শম্ভু পণ্ডিত নামে এক দুষ্কৃতিকে স্থানীয় এক হোগলা বনে ঘেরা জমি থেকে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় গ্রেপ্তার করল পুলিশ। তারপর থেকেই দফায় দফায় স্থানীয় বাসিন্দারা ওই হোগলা বনে তল্লাশি চালায়। ওই জঙ্গল থেকে একটি ফোন, একটি টিকিট আর খুনে ব্যবহৃত বন্দুক উদ্ধার করে পুলিশ। ধৃত শম্ভু পণ্ডিতকে দফায় দফায় জেরা করে পুলিশ আধিকারিকরা। ধৃত শম্ভু পন্ডিতের বাড়ি নদিয়ার হরিণঘাটায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই শম্ভু পণ্ডিতকে সুপারি কিলার হিসেবে ব্যবহার করা হয়েছে বলে পুলিশের অনুমান। সে কারণেই এই খুনের নেপথ্যে কে বা কারা তা নিয়ে তদন্ত চালাচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।

সিসিটিভি ফুটেজে চিহ্নিত নীল জামা পরা যুবক অমিত পন্ডিত ওরফে শম্ভু গুলি করে খুন করার পর জামা বদলে ফেলে এবং স্থানীয় একটি জঙ্গলে লুকিয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি বুঝতে পেরে ঐ জঙ্গলে আগুন লাগিয়ে দেয়। আগুনের তাপে জঙ্গলে লুকিয়ে থাকতে না পেরে বেরিয়ে আসে অভিযুক্ত। তারপর সেখান থেকেই অমিত পন্ডিতকে স্থানীয় বাসিন্দারা ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। খুনের সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ।

প্রসঙ্গত, রবিবার রাতে পানিহাটি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনুপম দত্তকে লক্ষ্য করে গুলি করে হত্যা করার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে আগরপারা স্টেশন রোড অঞ্চলে। সূত্রের খবর অনুযায়ী অনুপম বাবু রবিবার রাতে তার পোষ্যের খাবার কিনে দোকান থেকে বেরনোর পর এক দুষ্কৃতী খুব কাছ থেকে তার মাথায় গুলি করলে সঙ্গে সঙ্গে মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। ২ জন দুষ্কৃতী গুলি চালায় বলে প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন। গুলি চালানোর পর এলাকাবাসীরা ওই দুষ্কৃতীদের ধাওয়া করলে তারা দুইজন দুই দিক দিয়ে পালিয়ে যায়। খুব কাছ থেকে গুলি করার জন্য মৃত্যু হয় কাউন্সিলরের। রক্তাক্ত অবস্থায় স্থানীয় দোকানদার ও বাসিন্দারা তাকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে বেলঘড়িয়ার একটি বেসরকারি নার্সিংহোমে তাকে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে খড়দা থানার পুলিশের পাশাপাশি নিজে তদন্তের গতি প্রকৃতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তিনি ওই অঞ্চলে বিভিন্ন জায়গার, বিভিন্ন বাড়ির সিসিটিভি ফুটেজ দেখেন। সিসিটিভি ফুটেজে অনুপম বাবুর মৃত্যু কি ভাবে হয়েছে তার স্পষ্ট হয়ে যায়। সেই সিসিটিভি ফুটেজের সুত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ।

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, বিধায়ক পার্থ ভৌমিক, সুবোধ অধিকারী। এই ঘটনা জানাজানি হতেই প্রকৃত খুনিকে দ্রুত ধরার দাবিতে ও কাউন্সিলর খুনের ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে তৃণমূল কংগ্রেস কর্মীরা।

সেই সঙ্গে এই খুনের ঘটনার রহস্য উন্মোচন করতে আরো সক্রিয় হচ্ছে পুলিশ। এই ঘটনা শম্ভু পণ্ডিত নামে এক সুপারি কিলারকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার আগরপাড়ার শালপাতা বাগান কামারহাটি পৌরসভা ২৮ নম্বর ওয়ার্ডে বাসিন্দা আকাশ সাহা এবং তার বন্ধুকে জিজ্ঞাসাবাদ করার জন্য খড়দহ থানার পুলিশ নিয়ে যায়। কারণ অনুপম দত্ত খুন হওয়ার সময় সিসিটিভি ফুটেজে আকাশকে দেখা গেছে তাই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য খড়দহ থানার পুলিশ নিয়ে গেছে। এই খুনের ঘটনায় এবার সিআইডি ৪ সদস্যের এক প্রতিনিধি দল আসে। তারা অনুপম দত্ত যে জায়গায় খুন হয়েছিলেন সেখানে গিয়ে জায়গাটা পরীক্ষা নিরীক্ষা করেন। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদ করেন স্থানীয়দের।

এদিন ধৃত শম্ভু পণ্ডিতকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। তবে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে
পানিহাটিতে। সকলের প্রিয় ও সকলের সমস্যায় ছুটে যাওয়া অনুপম দত্তের খুনের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পনিহা টিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *