রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা রক্ষী ফেরালেন সুনীল সিং, তবুও জোর জল্পনা তৃণমূল যোগের

আমাদের ভারত, ব্যারাকপুর, ৯ ফেব্রুয়ারি: সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিধানসভায় ২২ মিনিটের বৈঠক। তারপর মঙ্গলবার সকালে হঠাৎ সুনীল সিংয়ের বাড়িতে হাজির হয় নোয়াপাড়া থানার ২ পুলিশ কর্মী। জানা যায়, রাজ্য সরকারের পক্ষ থেকে বর্তমানে বিজেপি বিধায়ক সুনীল সিংয়ের বাড়িতে তাঁর নিরাপত্তার জন্য রক্ষীদের পাঠানো হয়েছিল। তবে সুনীল সিং রাজ্য সরকারের দেওয়া সেই নিরাপত্তা রক্ষীদের ফিরিয়ে দেন।

এই প্রসঙ্গে নোয়াপাড়ার বিজেপি বিধায়ক সুনীল সিং বলেন, “আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধানসভার ২ টি ভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছি। এর বাইরে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কোনও কথা হয়নি। আমি বিজেপিতে আছি। বুঝতে পারছি না কেন আজকে আমার বাড়িতে নিরাপত্তারক্ষী পাঠানো হল? বিজেপিতে যোগ দেওয়ার পর রাজ্য সরকারের পক্ষ থেকে আমার নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়েছিল। এরপর কেন্দ্র আমাকে সেন্ট্রাল ফোর্সের নিরাপত্তা দিচ্ছে। আমার এই মুহূর্তে রাজ্য সরকারের নিরাপত্তা রক্ষীদের দরকার নেই, ওদের ফিরিয়ে দিয়েছি।”

এদিকে নোয়াপাড়ায় রাজনৈতিক মহলে জল্পনা নোয়াপাড়া কেন্দ্র থেকে বিজেপির বর্তমান বিধায়ক সুনীল সিংকে টিকিট নাও দিতে পারে দল। যদিও ঘনিষ্ঠ মহলে সুনীল সিং জানিয়েছেন, তিনি নোয়াপাড়া কেন্দ্র থেকেই ভোটে লড়তে চান। তবে, বিজেপি এই বিষয়ে এখনো কোনও কিছুই চূড়ান্ত করেনি। সুনীল সিংকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বিজেপি জাতীয় দল, বড় দল। এই দলে কে প্রার্থী হবে তা দলের কেন্দ্রীয় নেতারা ঠিক করে। নোয়াপাড়ায় কে প্রার্থী হবে এখনো আমার জানা নেই । তবে বিজেপিতে আছি আমি।”

সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন সুনীল সিং। তারপর থেকেই বাজারে জোর জল্পনা তিনি নাকি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে যাচ্ছেন। কিন্তু তাঁর প্রকৃত অবস্থান কি? তা এদিন নিজেই বাড়িতে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন। তিনি বলেন, “আমিও মুখ্যমন্ত্রীকে বলিনি পুরনো দলে ফিরব, উনিও তৃণমূলে ফিরে যাওয়া নিয়ে কোনও কথা বলেননি। আমার সঙ্গে বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিত দাস ছিলেন। আমাদের মধ্যে কুশল বিনিময় হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একজন বিধায়ক হিসেবে এলাকার দুটি সমস্যার কথা তুলে ধরেছি, এর সঙ্গে তৃণমূলে যোগ দেওয়ার কোনও প্রসঙ্গ নেই।”

সুনীল সিংয়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ প্রসঙ্গে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, “ওই দুই বিধায়ক কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গেছিলেন আমি বলতে পারব না। ওরাই এর উত্তর ভালো করে দিতে পারবে।”

প্রসঙ্গত উল্লেখ্য, অর্জুন সিং বিজেপির টিকিটে জিতে সাংসদ হওয়ার পর তার হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিধায়ক সুনীল সিং। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুনীল সিংয়ের সাক্ষাৎ কি নিছকই সৌজন্য, না অন্য কোনও কারন আছে, তার উত্তর সময় দেবে, বলেই মনে করছেন নোয়াপাড়ার রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *