কুমারেশ রায়, অামাদের ভারত, মেদিনীপুর, ১৯ এপ্রিল: দেশজুড়ে ফের করোনার দাপাদাপি। ফলে পরিস্থিতি বুঝে ও সংক্রমণের হার রোধে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র ও রাজ্য। দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় এবার রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনা হল। মঙ্গলবার থেকেই গরমের ছুটি রাজ্যজুড়ে স্কুলগুলিতে। ইতিমধ্যে স্কুল শিক্ষা সচিবের নির্দেশ পৌঁছে গিয়েছে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির কাছে। সোমবার থেকেই প্রয়োজনীয় নির্দেশিকা জারি করার কথা বলা হয়েছে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই রাজ্যের সমস্ত স্কুল বন্ধ থাকবে। শিক্ষকদেরও আপাতত স্কুলে আসতে হবে না। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যতদিন না দেশে করোনা পরিস্থিতি ফের স্বাভাবিক হচ্ছে, ততদিন স্কুল বন্ধই থাকবে।

উল্লেখ্য, এখন শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের স্কুলে আসতে হচ্ছে। বাকিদের অনলাইনে ক্লাস চলছে। গত বছর এই সময় লকডাউন ছিল। ফলে গরমের ছুটির নির্ধারিত সময়ের অনেক আগেই স্কুল বন্ধ হয়েছিল। এবার দেশজুড়ে এখনও লকডাউন না হলেও করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ও রাজ্য। ইতিমধ্যে বেশ কিছু সিদ্ধান্ত কার্যকরও করা হয়েছে।

