প্রত্যাবর্তন! ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করলেন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতির কন্যা

আমাদের ভারত, ২৭ অক্টোবর: ইসলাম ধর্ম ত্যাগ করে
হিন্দু ধর্ম গ্রহণ করলেন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি সুকার্ণ’র তৃতীয় কন্যা সুকমাবতী সুকর্ণাপুত্রী। সিএনএন ইন্দোনেশিয়ার প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার বালিতে শুদ্ধি ওয়াদানি অনুষ্ঠানের মাধ্যমে সনাতন ধর্ম গ্রহণ করেন সুকমাবতী।

হিন্দু ধর্মের প্রতি তাঁর আগ্রহের কারণ তাঁর ঠাকুমা ইদা আয়ু নিয়োমন রাই শ্রীম্বেন। সুকমাবতীর বাবা ইন্দোনেশিয়ান ন্যাশনাল পার্টির প্রতিষ্ঠাতা। তিনি স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি, জাতির পিতা। সুকমাবতীর হিন্দুত্বের বিষয়ে বিশদ জ্ঞান রয়েছে। দীর্ঘ ২০ বছর এই বিষয়ে তিনি চর্চা করেছেন। হিন্দু ধর্মের আচার-আচরণ সম্পর্কেও তিনি বিস্তারিত ভাবেই জানেন।

২০১৮ সালে তাঁর বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ উঠেছিল। ইন্দোনেশিয়ার ফ্যাশন উইক’এ একটি কবিতা পড়েছিলেন তিনি। সেই কবিতার পরিপ্রেক্ষিতে সুকমাবতী বলেছিলেন, বোরখা পরার চেয়ে ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী খোপা অনেক ভালো। তারপরই সুকমাবতীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ করে উলেমাদের সংগঠন। তাঁর গ্রেপ্তারের দাবি করা হয়। ওই ঘটনার পর সাংবাদিক বৈঠক করে ক্ষমা চাইতে বাধ্য হন তিনি। সুকমাবতীর হিন্দু ধর্ম গ্রহনকে সাদরে সম্ভাষণ জানিয়েছে তাঁর পরিবার। তাঁদের মতে বিশ্বশান্তির বার্তা দেয় সনাতন ধর্ম।

ইন্দোনেশিয়া এখন মুসলিম প্রধান দেশ। বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যা সেখানে। কিন্তু একটা সময় হিন্দুদের আধিক্য ছিল সেখানে। রামায়ণ মহাভারত এখনো সেখানে সমান সমাদৃত। সরকারিভাবে এদেশে ছটি ধর্মের মধ্যে অন্যতম হচ্ছে হিন্দু। বিশ্বে ভারত, নেপাল, বাংলাদেশের পর ইন্দোনেশিয়া চতুর্থ বৃহৎ হিন্দু জনসংখ্যার দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *