আমাদের ভারত, ২১ মার্চ: রামনবমীতে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার ঘোষণায় তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।
মুখ্যমন্ত্রী মঙ্গলবার ওড়িশা যাওয়ার প্রাক্কালে বিমানবন্দরে কেন্দ্রের বকেয়া দাবি আদায়ের লক্ষ্যে ওই ধর্নার কথা ঘোষণা করেন। বলেন, ২৯ ও ৩০ মার্চ দিল্লিতে অম্বেদকরের মূর্তির পাদদেশে ওই ধর্নায় বসবেন। এর পরেই সুকান্তবাবু টুইটারে লেখেন, “এইমাত্র জানতে পেরেছি যে ব্যর্থতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ৩০ মার্চ অর্থাৎ রাম নবমীতে ধর্নায় বসবেন। দুঃখের বিষয়, হিন্দুফোবিয়া পশ্চিমবঙ্গের শাসক ব্যবস্থার গভীরে চলছে। সাগরদিঘির বিপর্যয়ে আবারও খুলে দিয়েছে প্যান্ডোরার বাক্স। লজ্জা এমন বিদ্বেষীদের।”
টুইটারে এর প্রতিক্রিয়ায় বিজেপি সমর্থক গার্গী মুখোপাধ্যায় লিখেছেন, “সাগরদিঘিতে বিজেপিকে আটকাতে মাননীয়া ইচ্ছে করেই কংগ্রেসকে জিততে সাহায্য করেছেন, ওই জন্যেই নৌশাদ সিদ্দিকিকে ঠিক ভোটের রেজাল্টের দিন ছেড়ে দেওয়া হলো। আগে গ্রেফতার করে সংখ্যালঘু ভোট কংগ্রেসে পাঠিয়ে আর কাটাকুটি করে বিজেপিকে নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করে হারিয়েছে। হিন্দু বিরোধী হিজাবের বিজ্ঞাপনী মডেলের দ্বিচারিতা সবাই বুঝে গেছে।”

