আমাদের ভারত, কলকাতা, ১১ ফেব্রুয়ারি : লোকসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের অভিযোগকে টুইটে পূর্ণ সমর্থন জানালেন বিজেপি-র পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।
সুকান্তবাবু লিখেছেন, “ম্যাডাম, আপনার বক্তৃতায় যে রিপোর্টগুলি উল্লেখ করা হয়েছে তা এক্কেবারেই সত্য। “বিডিও-পঞ্চায়েত প্রধান” সমঝোতা শুধু পিএমএওয়াই-জি-এর প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করেনি, টিএমসি-র সাথে যুক্ত ব্যক্তিদের আর্থিক অবস্থা নির্বিশেষে জাল সমীক্ষার মাধ্যমে তালিকাভুক্ত করা হচ্ছে, এটা নিশ্চিত হয়েছে।”
নির্মলা সংসদে তাঁর বক্তৃতার ভিডিও যুক্ত করে টুইটে লিখেছেন, “একটি মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং দরিদ্রদের জন্য হলেও, এই প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গে বড় বড় ভবন তৈরি করা হচ্ছে। এটা ঠিক কি না, তদন্ত হওয়া উচিত।“
প্রসঙ্গত, আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ নিয়ে পশ্চিমবঙ্গে বেশ কিছুদিন ধরে হইচই হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি।

