ফিরহাদের সামাজিক সম্মানহানির অভিযোগে, ১১ বছরের অতীত মনে করিয়ে একগুচ্ছ প্রশ্ন তুললেন সুকান্ত

শ্রীরূপা চক্রবর্তী, আমাদের ভারত, ২৭ আগস্ট: সুকান্ত মজুমদার ববি হাকিমের নাম উল্লেখ করেই বলছিলেন পার্থ অনুব্রতর পর রাজ্যের আর এক হেভিওয়েট মন্ত্রীও এবার জেলে যাবেন। এতে ক্ষুব্ধ ফিরহাদ হাকিম বলেন, সামাজিক সম্মানহানি করবে না। মানুষের কাজ করার জন্য রাজনীতি করি। আত্মসম্মান আছে। এর জন্য আমার ব্যক্তিগত ক্ষতি হয়ে গেছে।” ফিরহাদের এই আত্মসম্মান বোধ প্রসঙ্গে জবাব দেওয়ার মধ্যে দিয়ে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন সুকান্ত মজুমদার।

ফিরহাদ বলেছিলেন, সবার আত্মসম্মান আছে যা খুশি তাই বলা যায় না। আজ সকালে ফেসবুক পোস্টে সুকান্ত মজুমদার পাল্টা প্রশ্ন তুলেছেন, “ভারতের মধ্যে যে একটা মিনি পাকিস্তান আছে এটা কি বলা যায়? ভোট প্রচারে বেরিয়ে হুডখোলা জিপে জনসমক্ষে বিজেপির লোকজনের উদ্দেশ্যে কুৎসিত শব্দ কি বলা যায়? দেশের প্রধানমন্ত্রীকে কিম্ভুতকিমাকার, স্বরাষ্ট্রমন্ত্রীকে হোদল কুতকুত, বিরোধী দলের সর্বভারতীয় সভাপতিকে চাড্ডা, হাড্ডা, গাড্ডা, কি বলা যায়? এদের উদ্দেশ্যে তুই-তোকারি সহ কুরুচিকর শব্দ কি ব্যবহার করা যায়?” প্রসঙ্গত এই সব কথাগুলি তৃণমূল নেতা কর্মী সহ তৃণমূলের সর্বময়ী কত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেছে। এদিন ফিরহাদকে জবাব দেওয়ার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব দিয়েছেন সুকান্ত, বলে মনে করা হচ্ছে।

ফিরহাদ বলেছেন, সুকান্তর ওই মন্তব্যে তার ব্যক্তিগত ক্ষতি হয়ে গেছে। তাঁর পাল্টায় সুকান্ত বলেছেন, যে যোগ্য ছেলেমেয়েগুলো চাকরি না পেয়ে এতদিন ধরে আত্মঘাতী হলো, তাদের পরিবারের ক্ষতির কথা কি মনে পড়ে? যে ছেলেগুলোকে মিথ্যে গাঁজা কেস দিয়ে জেলে পাঠানো হয়েছে তাদের ভবিষ্যৎ খারাপ হয়েছে, তাদের ব্যক্তিগত ক্ষতির কথা কি মনে পড়ে? তিনি প্রশ্ন তুলেছেন, ভোট পরবর্তী হিংসায় যাদের মেরে ফেলা হয়েছে, যাদের ঘর-বাড়ি লুটপাট করা হয়েছে যে মায়েদের ধর্ষণ করা হয়েছে তাদের ব্যক্তিগত ক্ষতিপূরণ কে দেবেন?

সুকান্ত আরও বলেছেন, কলমের ভয় মুখ্যমন্ত্রী আগেই পেয়েছেন। সেই কারণেই লাইব্রেরি থেকে প্রথম সারির সংবাদপত্র সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রকাশ্য জনসভায় থেকে। তিনি লিখেছেন, তৃণমূল নেতারা এই সমস্ত মন্তব্য করার আগে নিজেদের ১১ বছরের অতীতগুলোকে খুব ভালো করে মনে করা দরকার, আর তা যদি না করেন তাহলে ভারতীয় জনতা পার্টি দায়িত্ব নিয়ে সেগুলি মনে করাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *