আমাদের ভারত, ৪ নভেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয়া সম্মিলনীতে শিল্পপতি সহ নানা খ্যাতনামা ব্যক্তি উপস্থিত থাকেন। আবার এই অনুষ্ঠানের পরে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনও শুরু হয়। বিজয়া সম্মেলনে থাকা ব্যক্তিবর্গকে বাণিজ্য সম্মেলনেও আমন্ত্রণ করা হয়। পশ্চিমবঙ্গ শিল্পায়ন নিগমকে আমন্ত্রণ জানানোর দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার থেকে আমন্ত্রণপত্র পৌঁছানো শুরু হয়েছে। কিন্তু সূত্রের খবর, এবারের বিজয়া সম্মেলনে আমন্ত্রণের তালিকায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও সাংসদ দিলীপ ঘোষ থাকলেও নেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আগামী ৯ নভেম্বর বৃহস্পতিবার হবে বিজয়া সম্মেলন। আলিপুর জেল মিউজিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই সম্মিলনী অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে বিরোধী শিবিরের কয়েকজন নেতাকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে সূত্রের খবর।
শোনা গেছে, রাজ্য সরকার যে তালিকা তৈরি করেছে তাতে বিজয়ার সম্মিলনীতে আমন্ত্রণ পেতে চলেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপির মেদনীপুরের সংসদ দিলীপ ঘোষ। তবে আশ্চর্যের বিষয় সেই তালিকায় নেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম। তার নাম পরে যোগ হবে কিনা তা জানা যায়নি।
এই বিজয়া সম্মিলনী প্রত্যেক বছরই করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে প্রত্যেক বার প্রধান বিরোধী দলের মুখ্য নেতাকে আমন্ত্রণ জানানো হয়। তবে কোনো বছরই তারা কেউ যাননি।
কিন্তু এবারেও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এবং বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকে আমন্ত্রণ জানানো হচ্ছে বলে সূত্রের খবর। কংগ্রেসের কোনো নেতা আমন্ত্রণ পাচ্ছেন কিনা তা নিয়ে সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি।
বিরোধী দলনেতা বাদ কেন এ বিষয়ে নবান্নের সূত্রে খবর, বিরোধী দলনেতাকে আমন্ত্রণ জানানো হয়নি কারণ এটি কোনো পরিষোদিও কর্মসূচি নয়। এই কারণেই বিরোধী দলনেতা বাদ পড়েছেন। এখানে রাজনীতির কোনো বিষয় নেই। আমন্ত্রণ জানালেও তিনি যেতেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলনীতে শিল্পপতি সহ নানা জনপ্রিয় ব্যক্তি উপস্থিত থাকেন। আর সেই অনুষ্ঠানের পরেই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হয়। ফলে সকল ব্যক্তিবর্গকে বাণিজ্য সম্মেলনে আসার আমন্ত্রণ করা হয়। পশ্চিমবঙ্গ শিল্পায়ন নিগমকে আমন্ত্রণ জানানোর দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার থেকে সেই আমন্ত্রণ পত্র পৌঁছানোর কাজ শুরু হয়েছে।
২০২০ সালের ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করার পর থেকেই তৃণমূল নেতৃত্বের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়। এই পরিস্থিতিতে বিজয়া সম্মিলনীতে আমন্ত্রণ পেয়েও সুকান্ত, দিলীপ আসবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সুকান্ত দিলীপ বিজয়া সম্মিলনীতে গেলে লোকসভা নির্বাচনের আগে আবারও কংগ্রেস, সিপিএম তৃণমূল ও বিজেপির সেটিং তত্ত্ব তুলে ধরবে। তাই এই দুই সাংসদের না আসার সম্ভবনাই বেশি। শুভেন্দুকে বাদ দিয়ে বিজয়া সম্মিলনীতে বিজেপির এই দুই নেতা গেলে বিজেপির মধ্যেও বিভাজন আসতে পারে। ফলে মু্খ্যমন্ত্রীর এই আমন্ত্রণ তারা এড়িয়ে যেতে পারেন বলেই মনে করা হচ্ছে।

