রাষ্ট্রপতি সম্পর্কে অবমাননাকর মন্তব্য, অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত ও গ্রেফতারের দাবি তুললেন সুকান্ত

আমাদের ভারত, ১২ নভেম্বর: দেশের রাষ্ট্রপতি সম্পর্কে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি, নন্দীগ্রামের এক দলীয় সভায় রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন। এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে অবিলম্বে অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বর্ধমানের দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এমনই দাবি করেন তিনি। এই ঘটনার বিরুদ্ধে বর্ধমানে একটি প্রতিবাদ মিছিলেও যোগ দেন বিজেপি রাজ্য সভাপতি।

“আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতি কে কেমন দেখতে বাবা”, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে রাষ্ট্রপতি সম্পর্কে এমনি অবমাননাকর মন্তব্য করে বসেছেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। তার বক্তব্যের ভিডিও ভাইরাল হতেই তোলপাড় হয়েছে গোটা রাজ্য। শনিবার বর্ধমানে সাংবাদিকদের বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, রাষ্ট্রপতি সম্পর্কে রাজ্যের মন্ত্রী অখিল গিরি যে
অবমাননাকর মন্তব্য করেছেন তার জন্য অবিলম্বে তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে গ্রেপ্তার করা উচিত। যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজ না করেন তাহলে মন্ত্রী অখিল গিরিকে বিজেপি গ্রেপ্তার করাবে।

এই ঘটনার বিরুদ্ধে জেলায় জেলায় প্রতিবাদ আন্দোলনের নির্দেশ দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। রাজ্যের আদিবাসীদেরও মন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ ও এফআইআর করার পরামর্শ দিয়েছেন তিনি।

তিনি বলেন, “অখিল গিরি একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। আমরা তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তীব্র ভর্ৎসনা করছি। আমরা গোটা রাজ্যে জেলায় জেলায় আজ প্রতিবাদ কর্মসূচি পালন করব। অখিল গিরির কুশপুত্তলিকা দাহ করব। আমরা আদিবাসী সমাজের সাথে কথা বলেছি। তারা সব জায়গায় অখিল গিরির বিরুদ্ধে এফআইআর করবে। মুখ্যমন্ত্রীকে আমরা সাবধান করতে চাই, উনি অখিল গিরিকে শুধু মন্ত্রিসভা থেকে ইস্তাফাই নয়, যে অন্যায় করেছেন অখিল গিরি করেছেন তাতে তার জেল হওয়া উচিত। মুখ্যমন্ত্রী যেন তাকে জেলে ঢোকানোর ব্যবস্থা করেন। নাহলে আমরা জেলে ঢোকানোর ব্যবস্থা করব।”

এরপর বর্ধমানে এই ঘটনার বিরুদ্ধে দলের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন বিজেপি রাজ্য সভাপতি। সেখানে তিনি বলেন, “রাজ্যে ভারপ্রাপ্ত মন্ত্রী রাষ্ট্রপতি সম্পর্কে যে বক্তব্য রেখেছেন তা ভারতবর্ষের সাংস্কৃতির সঙ্গে খাপ খায় না। মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় দাবি করেন এগিয়ে বাংলা। নিজে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে দেশের রাষ্ট্রপতি মহিলা রাষ্ট্রপতি সম্পর্কে তারই মন্ত্রিসভার এক সদস্য যখন কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন সেই মন্ত্রীকে এখনো তিনি মন্ত্রিসভায় বহাল রেখেছেন। এটা ভারতবর্ষের অন্য কোথাও হলে কারা মন্ত্রীকে কারাগারের পেছনে পাঠিয়ে দেওয়া হতো। শুধুমাত্র পশ্চিমবঙ্গ বলেই এটা হচ্ছে না।”

একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “অখিল গিরির মত মানুষের সাহস এই ধরনের সাহস কোথায় পায়?” তিনি মনে করিয়ে দেন ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রীকে কিম্ভূতকিমার্কার, স্বরাষ্ট্রমন্ত্রীকে হুদলকুতকুত বলেছিলেন। যে গাছ যেমন হয় তার ফলও তেমন হয়। অখিল গিরি মুখ্যমন্ত্রীকেই অনুসরণ করেছেন।” সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দ্যেশ্যে বলেন, “বাংলার মানুষ আপনাকে বেশি দিন মুখ্যমন্ত্রী রাখবে না। কারণ আপনি আপনার যোগ্যতা হারিয়েছেন। তাই যাওয়ার আগে একটা ভালো কাজ করে যান। অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে কান ধরে অপসারিত করুন।”

সুকান্ত মজুমদার এদিন পুলিশকেও হুঁশিয়ারি দিয়ে বলেন, বিজেপির নেতা কর্মী বা আদিবাসী সমাজের তরফে অখিল গিরির বিরুদ্ধে এফআইআর করা হলে তা যেন তারা নেন। এক্ষেত্রে পুলিশের দলদাসের মতো আচরণ বিজেপি মেনে নেবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *