চালুনি সুচের ফুটো খুঁজছে, সংসদে বিল প্রসঙ্গে মমতার মন্তব্যের পাল্টা দিলেন সুকান্ত

আমাদের ভারত, ৮ ডিসেম্বর: রাজ্যকে বুলডোজ করে সংসদে বিপজ্জনক বিল আনা হচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার একাধিক কমিটি গঠনের বিষয় মনে করিয়ে পাল্টা দিতে গিয়ে সুকান্ত মজুমদার কটাক্ষের সুরে বলেছেন, চালুনি সুচের ফুটো খুঁজছে।

সংসদের অধিবেশনে কেন্দ্রের আগামী বিলগুলিকে বিপদজনক বিল বলে অভিহিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এই বিলগুলি গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে ভাঙন ধরাতে পারে। রাজ্যকে বুলডোজ করে বিল পাস করা হচ্ছে। তাদের অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে। বিরোধীদের বুলডোজ করা যাবে না।

এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যের পিএসসি চেয়ারম্যান পদে নিযুক্তিকরণ সহ বিধানসভার একটিও কমিটির মাথায় বিজেপির বিধায়কদের না বসানোর কথাটি মনে করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। তিনি প্রশ্ন তুলেছেন, এটা কি গণতান্ত্রের হত্যা নয়? এটা কি বিরোধীদের অধিকার খর্ব করা নয়?

সুকান্ত মজুমদার বলেন, রাজ্যে
“পিএসসির চেয়ারম্যান এমন একজনকে দিয়ে রেখেছেন যিনি তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছেন। সেই জায়গায় তাঁরা অশোক লাহেড়ীর কথা ভাবলেন না। আজ তাঁকে পিএসসি চেয়ারম্যান করা হলে মুখ্যমন্ত্রী তার কাছ থেকে বিভিন্ন গঠন মূলক অভিমত নিতে পারতেন।”

সুকান্তর আরও অভিযোগ রাজ্য বিধানসভার যত কমিটি গঠন হয়েছে তার মাথায় কোনো বিজেপির লোক নেই। অথচ গণতন্ত্রের নিয়ম অনুযায়ী এই সমস্ত জায়গায় বিরোধীদের বসানোর কথা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে না করে কেন্দ্রের বিজেপি সরকারের দিকে আঙুল তুলছেন। এটা অনেকটা, “চালুনি সুচের ফুটো খুঁজছে” র মতো ঘটনা হয়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *