এমবিবিএস-এ সুকন্যার ভর্তি নিয়ে জমে উঠেছে সুকান্ত-শান্তনুর তরজা

আমাদের ভারত, ২৮ নভেম্বর: তৃণমূল সাংসদ শান্তনু সেনের কন্যা সৌমিলিকে ক্ষমতাবলে অনৈতিকভাবে এমবিবিএস-এ ঢোকানোর বিতর্ক আরও মাত্রা পেল। সোমবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সৌমিলির পরীক্ষার ফলের রিপোর্ট প্রকাশ্যে ফাঁস করে দিয়েছেন।

টেট দুর্নীতি নিয়ে কিছুদিন আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করেছিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। গতকাল শান্তনু সেনের মেয়ের এমবিবিএসে ভর্তি নিয়ে প্রশ্ন তোলেন সুকান্ত মজুমদার। নিট পাশ না করেই কীভাবে সৌমিলি সেন এমবিবিএসে ভর্তি হলেন তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। এ নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা।

সুকান্ত মজুমদার টুইটার একটি পোস্ট করেছেন। তাতে শান্তনু সেন কন্যার কথা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘নিট পরীক্ষায় সৌমিলি সেন পাশ না করা সত্ত্বেও এমবিবিএসে ভর্তি হয়েছেন। এমবিবিএসে ভর্তি ফর্মে তিনি তাঁর বাবার আয় তিন লক্ষ টাকা দেখিয়েছেন। অথচ ২০১৬-১৭ সালের হলফনামায় শান্তনু সেনের আয় ছিল ৭ লক্ষ টাকা। তার সঙ্গে সাংসদদের ভাতা রয়েছে।’ কেন এই ধরনের অমিল? তা নিয়ে প্রশ্ন তোলেন সুকান্ত মজুমদার।

অভিযোগের জবাবে শান্তনু সেন আরেকটি টুইট লেখেন। যেখানে তিনি উল্লেখ করেন, “রাজনীতির মধ্যে পরিবার ও সন্তানদের টেনে আনার আদর্শ উদাহরণ। ও বরাবরই খুব মেধাবী। নিট পাস না করলে কেউ এমবিবিএস-এ ভরতি হতে পারে না।” মেয়ের তিনটি শংসাপত্র টুইটে জুড়ে দেন তৃণমূল সাংসদ। একই সাথে তিনি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন বলেও হুঁশিয়ারি দেন।

সোমবার এই বিতর্কের প্রেক্ষিতে শান্তনুবাবুর টুইটকে যুক্ত করে সুকান্তবাবু টুইট করেন। তাতে সুকান্তবাবু
লেখেন, “আপনি বলেছেন যে আপনার মেয়ে একজন মেধাবী ছাত্রী কিন্তু সে ১,২১,৪৭৩ র‌্যাঙ্ক পেয়েও ‘সুবর্ণ বণিক সমাজ’-এর ট্রাস্ট সংরক্ষণের মাধ্যমে আরজি কর-এ ভর্তি হয়েছে। একজন সাধারন পড়ুয়া কি এমন র‌্যাঙ্ক নিয়ে ভর্তি হতে পারে? আমি কি এখনও আইনি পরিণতির জন্য অপেক্ষা করব?“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *