তৃণমূলের সুমিতকে বিজেপি-র বলে চালানোর চেষ্টা, দাবি সুকান্ত-অমিতের

আমাদের ভারত, কলকাতা, ৫ এপ্রিল: হাওড়ায় রামনবমীর মিছিলে পিস্তল হাতে যে যুবককে দেখা গিয়েছিল সে তৃণমূলের কর্মী বলে দাবি করলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত সহ পর্যবেক্ষক অমিত মালব্য। তাঁদের বক্তব্য, ধৃত তৃণমূলের সুমিতকে বিজেপি-র বলে চালানোর চেষ্টা হচ্ছে।

অমিতবাবু বুধবার টুইটারে লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের প্রতারণামূলক উপায় ব্যবহার করে ভয় এবং ভীতির পরিবেশ তৈরি করতে চাইছেন। কিন্তু তিনি সফল হতে পারবেন না। তাঁর উচিত কঠোর বিধানের অধীনে মিথ্যা মামলা থেকে বিরত থেকে হনুমান জয়ন্তী শোভা যাত্রার নিরাপত্তা নিশ্চিত করা। যে কোনো হিংসার জন্য তিনি একাই দায়ী থাকবেন।

অন্যদিকে সুকান্তবাবু বুধবার টুইটারে লিখেছেন, “১৯ বছর বয়সী সুমিত শ-কে একটি বেআইনি অস্ত্র ব্যবহার করার জন্য মুঙ্গের থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি টিএমসি বিধায়ক গৌতম চৌধুরীর সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। সুমিতের মা দাবি করেছেন তৃণমূলের অনুষ্ঠানে উপস্থিত ছেলে ছিল। টিএমসি তাদের লোকদের ঢুকিয়ে দিচ্ছে। তারপর হিন্দু এবং বিজেপিকে অপমান করার জন্য তাদের গ্রেপ্তার করাচ্ছে। এই ঘটনা তার আরেকটি উদাহরণ।

প্রসঙ্গত, হাওড়ার বিজেপি নেতা উমেশ রাই বলেন, ”যে ছেলেটা ধরা পড়েছে, তার মা জানিয়েছে যে ছেলে তৃণমূল করত। যেখান থেকে টাকা পেত, সেখানেই যেত। ২০২১ এ তাকে বিজেপির কয়েকটি মিছিলে দেখা গিয়েছে। সে জানত, কোথায় টাকা পাওয়া যাবে। তাহলেই বুঝুন সে ছেলে কেমন? তাকে তো গ্রেফতার করা হয়েছে, তদন্ত হচ্ছে। কিন্তু এটা নিয়ে রাজনীতি হচ্ছে বেশি।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *