আমাদের ভারত, ৪ ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালকে নাটক বলে আক্রমণ করল বিজেপি। বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বুধবার বলেন, এই নাটক বাঙালিরা রোজ দেখেন। এবার দিল্লিবাসীও দেখুন।
সুকান্তবাবু বলেন, “রাজ্যের কাছ থেকে ক্লাস ২ অবজারভার চাওয়া হয়েছিল। আপনারা দেননি বলেই কেন্দ্র থেকে মাইক্রো অবজারভার দেওয়া হয়েছিল। কাউকে তো কাজ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাটক এইসব। ক্যামেরাকে নিজের দিকে টানার একটা চেষ্টা মাত্র। আমরা পুরো বছর দেখি। দিল্লির লোকজনও দেখুন। আপনাদেরও মনোরঞ্জন হয়ে যাক। আমরা তো সারা বছরই দেখি খিঁচ মেরি ফোটো-খিঁচ মেরি ফটো।”
সুকান্তবাবু বলেন, “কখনও উনি দার্জিলিংয়ে গিয়ে চায়ের বাস্কেট পিছনে লাগিয়ে রেখে চা পাতা তোলেন। আমরা এগুলো গোটা বছরই দেখি। ওর শো পুরো ফ্লপ। বাংলায় উত্তম কুমারকে বড় সুপারস্টার হিসাবে মানি। উনি একটাই হিন্দি সিনেমা করেছেন। বাকি বাংলা। তবে সেই হিন্দি সিনেমা ফ্লপ হয়ে গিয়েছে। তো দিদিরও ও ছোটিসি মুলাকাত ফ্লপ হয়ে গিয়েছে।”
এ দিন, মুখ্যমন্ত্রী আদালতে বলেন, “স্যার বাংলাকে টার্গেট করা হচ্ছে।” আবার কখনও তিনি বলেছেন, “আমি বিচার পাচ্ছি না। আমি ৬ বার চিঠি লিখেছি জাতীয় নির্বাচন কমিশনকে। একবারও চিঠির উত্তর পাইনি।” যদিও, এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি আজ হয়নি। আগামী সোমবার হবে পরবর্তী শুনানি।
প্রসঙ্গত, এসআইআর প্রসঙ্গে মামলাকারী হিসাবে আজ প্রধান বিচাপতি সূর্য কান্ত, বিচারপতি বিপুল এম পাঞ্চোলি এবং জয়মাল্য বাগচীর বেঞ্চে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

