আমাদের ভারত, ২০ নভেম্বর: বেশ কিছুদিন ধরেই দলের বিরুদ্ধে একের পর এক বিতর্কিত মন্তব্য করছিলেন তিনি। তার করা একের পর এক বিস্ফোরক অভিযোগে উত্তপ্ত হচ্ছিল বঙ্গরাজনীতি। তার দল ছাড়া নিয়েও একাধিক জল্পনা তৈরি হয়েছে। সেই জল্পনাকে তুঙ্গে তুলে দিয়ে বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায় টুইট করে লিখেছেন আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি। এপ্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতির স্পষ্ট বক্তব্য তথাগত রায় আপাতত দলের কোনো পদে নেই।
তথাগত রায় টুইট করে লিখেছেন, “আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি”। এর অর্থ একাধিক হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তিনি দল ছাড়ছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। এই বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, উনি দলের সিনিয়র লিডার। কি লিখেছেন তা ওঁর ব্যক্তিগত বিষয়। তবে বর্তমানে উনি দলের বড় কোন পদে নেই, সাধারণ সদস্য।
তথাগত রায়ের একাধিক টুইট নিয়ে বারবার সমস্যায় পড়তে হয়েছে দলকে। তথাগত রায় দলের বর্ষিয়ান নেতা হওয়াতেই সম্ভবত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি বলেই মত ওয়াকিবহাল মহলের। শনিবার সকালে পরপর তিনটি টুইট করেন তিনি। তার মধ্যে একটি “কারো কাছ থেকে বাহবা পাওয়ার জন্য আমি টুইটগুলো করছিলাম না। দলের কিছু নেতৃস্থানীয় লোক যেভাবে কামিনী-কাঞ্চনে গা ভাসিয়ে ছিলেন, সেটা সম্বন্ধে দলকে সজাগ করতেই এটা করেছিলাম। এবার ফলেনো পরিচীয়তে। পুরভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকবো। আপাতত বিদায় পশ্চিমবঙ্গ বিজেপি।”
অপরটিতে লেখেন, “সলিল চৌধুরীর জন্মদিন উপলক্ষে একটি টিভি চ্যানেলে এক গায়ক তার পুরনো একটি গান গাইছিলেন। যার কথা চাকা ঘুরবে না, ধোয়া উড়বে না, হরতাল হরতাল। আহা পশ্চিমবঙ্গের জন্য কি উপযুক্ত গান, ঝাল আন্ডা কি জয়।”

