স্বামী হিরন্ময়ানন্দর প্রয়াণে শোকবার্তা সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ৩ ডিসেম্বর: স্বামী হিরন্ময়ানন্দর প্রয়াণে শোকবার্তা জানালেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।

সুকান্তবাবু টুইটারে লিখেছেন, “ভারত সেবাশ্রম সঙ্ঘের সহ সভাপতি স্বামী হিরন্ময়ানন্দজি মহারাজ বয়সজনিত কারণে ইহলোক ত্যাগ করে। শ্রীগুরু চরণে লীন হয়েছেন। তাঁর প্রয়াণে বাংলা তথা দেশ একইসঙ্গে এক আধ্যাত্মিক ও সমাজসেবক মহাত্মাকে হারাল।

১৯৫৪ সালে তিনি সঙ্ঘে যোগদান করেন। দীর্ঘদিন ধরে তিনি সঙ্ঘের সেবার কাজে নিযুক্ত ছিলেন। এ রাজ্যে হোক বা দেশের অন্যত্র প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত মানুষের মুখে হাসি ফোটাতে পৌঁছে যেতেন ত্রাণের ডালি নিয়ে। পরবর্তীকালে তিনি সেই কাজে নেতৃত্ব দিয়ে গিয়েছেন। দীর্ঘ সময় তিনি জড়িয়ে ছিলেন উত্তরবঙ্গের উন্নয়নের সঙ্গে। বিশেষ করে, উত্তরবঙ্গের জনজাতি উন্নয়নে ও শিক্ষা বিস্তারে তাঁর বিশেষ অবদান রয়েছে।

স্বামীজি চিরকাল বাংলার ও আমাদের মননে, স্মরণে রয়ে যাবেন তাঁর অবদানের মধ্য দিয়ে। সমগ্র বিজেপি পরিবার শোকাহত। স্বামী প্রণবানন্দজি মহারাজের যে আদর্শকে তিনি জীবনের পাথেয় করেছিলেন সেই কাজে ব্রতী আমরাও। তাঁর আশীর্বাদ চেয়ে তাঁকে শ্রদ্ধা জানানোর সঙ্গে সঙ্গে সঙ্ঘের সকল ভক্ত, অনুরাগীদের জানাই সমবেদনা।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *