আমাদের ভারত, ৮ মে: সম্পূর্ণ ভারতবর্ষে যদি সব কটা রাজ্যেও বিজেপি সরকার গড়ে ফেলে তবুও ভারতীয় জনতা পার্টির কাজ অসম্পূর্ণ থেকে যাবে যদি বাংলা দখল করা না যায়। সম্প্রতি বঙ্গ সফরে এসে বঙ্গ বিজেপির নেতা কর্মীদের উদ্দেশ্যে এই বার্তা দিয়ে গেছেন অমিত শাহ বলে জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায় বাংলা দখলের লক্ষ্য থেকে বিজেপি যে একচুলও সরে যায়নি। বরং আরও বেশি করে আটঘাট বেঁধে এই কাজ শুরু করেছে বিজেপি।
এবারের বঙ্গ সফরে এসে নাকি অমিত শাহ বঙ্গ বিজেপিকে বুঝিয়ে দিয়ে গেছেন তাদের কাজ তাদেরকে করতে হবে কেন্দ্র কিছু করতে পারবে না। অর্থাৎ কেন্দ্র তার সহযোগিতার হাত বাড়িয়ে আর দেবে না বঙ্গ বিজেপির দিকে। সংবাদ মাধ্যমে এই বার্তা ঘোরাফেরা করছে। কিন্তু শাহের সফরের পর একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সুকান্ত মুজমদার জানিয়েছেন, এই রকম কোনো কথাই স্বরাষ্ট্রমন্ত্রী বলেননি। বরং অমিত শাহ বলেছেন, গোটা ভারতবর্ষে যদি সব কটা রাজ্যেও বিজেপি সরকার গড়ে ফেলে তবুও ভারতীয় জনতা পার্টির কাজ অসম্পূর্ণ থেকে যাবে, যতক্ষণ না পর্যন্ত বাংলা জয় করা সম্ভব হচ্ছে। একই সঙ্গে সুকান্ত মজুমদার জানান, অমিত শাহ তাদের বলেছেন, বাংলা জয় করতে না পারা নিয়ে তার মনে যে দুঃখ আছে সেই দুঃখ অন্য কারোর মনে আছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।
সুকান্ত মজুমদার জানান, অমিত শাহ আশ্বাস দিয়েছেন, বাংলা জয়ের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে যতটা পরিশ্রম দিতে হয় তিনি ততটা পরিশ্রম দেবেন। বঙ্গ বিজেপি ব্রিগেড যদি ওনার সঙ্গে তাল মেলাতে পারেন তাহলে প্রতি মাসে বাংলায় আসবেন অমিত শাহ। সুকান্ত মজুমদার জানান, কিছু সাংগঠনিক কাজ তাদের দিয়ে গেছেন অমিত শাহ, সেই কাজ যদি তারা এক মাসের মধ্যে সম্পন্ন করে ফেলতে পারেন তাহলে তিনি প্রতিমাসে আসবেন এবং সাংগঠনিক কাজ তাদের দিয়ে যাবেন এবং তাদের সকলের সঙ্গে সময় অতিবাহিত করবেন।
সুকান্ত মজুমদার আরও জানান, কেন্দ্রের হাত যে বঙ্গ বিজেপির মাথার ওপর থেকে ওঠেনি সেটা রাজ্যের একাধিক ঘটনা থেকে স্পষ্ট। রাজ্য বিজেপি সভাপতির কথায়, “কিছু জন বিভিন্ন জায়গা যেমন সিবিআই ইডির থেকে ডাক পেয়েছেন। কারোর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় হলেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন লড়াইটা শেষ হয়নি লড়াইটা শুরু হয়েছে।”

