আমাদের ভারত, ২৬ জানুয়ারি:দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তেওয়ারিকে তদন্ত না শেষ হওয়া পর্যন্ত দল থেকে বরখাস্ত করা হয়েছে। তারপরই সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক মন্তব্য করেছেন জয়প্রকাশ মজুমদার। এবার পরিচালন কমিটির রদবদল নিয়ে বিদ্রোহীদের কড়া জবাব দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বিজেপি রাজ্য সভাপতি বলেন, জেলা কমিটির কোনো ডেডলাইন নেই আর সময়ে তো বদল আনতেই হবে। সেই মতই কমিটিতে কিছু হেরফের করা হয়েছে। কোভিডের জন্য আমরা কিছুটা পিছিয়ে গিয়েছি। এর মধ্যে কোন বার্তা দেওয়ার কিছু নেই। যা হওয়ার তাই হচ্ছে।”
তিনি আরও বলেন, “রাজনীতিতে অনুগামী বলে কিছু হয়না। আগে দিলীপ ঘোষ সভাপতি ছিলেন তখন আমরা সবাই তার অনুগামী ছিলাম। এখন আমি সভাপতি। সবাই বিজেপির অনুগামী। পতাকার অনুগামী। কিছু করার নেই মেনে নিতে হবে এটা”।
বিজেপির নতুন পরিচালন কমিটির তালিকা সামনে আসতেই একের পর এক বিদ্রোহ ঘোষণা করেছেন দলের নেতারা। বিক্ষুব্ধ নেতাদের একসাথে পিকনিক ও মিটিং করতে দেখা গেছে। এত কিছুর পরেও জেলা কমিটিতে রদবদল শুরু করেছে পদ্ম শিবির। পদের রদবদল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তেওয়ারি। আজ তাদের তোলা প্রশ্নের উত্তরে কড়া জবাব দিলেন সুকান্ত মজুমদার।

