আমাদের ভারত, ২ অক্টোবর: জেলায় গিয়ে রাজ্যের বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই বন্যা পরিস্থিতি পরিদর্শনকে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, উনি রাজনীতি করতে গেছেন। সামান্য জলে দাঁড়িয়ে উনি ফোটোশ্যুট করবেন। এর বেশি আর কিছুই তিনি করবেন না।
ডিভিসি না বলে জল ছাড়ার জন্য রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এটা ম্যান মেড বন্যা। এটা ম্যান মেড ক্রাইম। রাজ্যের বন্যা পরিস্থিতি পরিদর্শন করে এভাবেই কেন্দ্রীয় সরকার ও ডিভিসির বিরুদ্ধে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। এর পাল্টা দিতে গিয়ে মুখ্যমন্ত্রীর বন্যা পরিস্থিতি পরিদর্শন সম্পর্কে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেন, “উনি রাজনীতি করতে গেছেন। ফটোশুট করতে গেছেন। বন্যায় ফটোশুট করতে গেছেন।যেখানে হাঁটু জলও নেই সামান্য জল সেখানে নেমে উনি ছবি তুলবেন। আর সেখান থেকে চলে আসবেন। এর বেশি তিনি আর তো কিছু করেন না।”
মুখ্যমন্ত্রী বার বার অভিযোগ করেছেন যে ডিভিসি তাকে না জানিয়ে জল ছেড়েছে, আর সেই কারণেই রাজ্যে বন্যা হয়েছে। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন,” কখন জল ছাড়া হবে, কতটা জল ছাড়া হবে, তা নিয়ে একটি কমিটি রয়েছে। সে কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন মেম্বার রাজ্য সরকারের তরফ থেকে থাকেন। তারা দুজনেই ইঞ্জিনিয়ার থাকেন। অতএব এই জল ছাড়া নিয়ে যে কমিটির বৈঠক হয়েছে, সেই বৈঠকে রাজ্য সরকারের প্রতিনিধি ছিলেন,এবং রাজ্য সরকারের প্রতিনিধিদের উপস্থিতিতেই এই সিদ্ধান্ত হয়েছে। অথচ মুখ্যমন্ত্রী বলছেন যে উনি জানেন না। তাহলে তো প্রশ্ন উঠছে,প্রশাসনের উপরে অনার কন্ট্রোল নেই। রাজ্যের যে প্রতিনিধিরা বৈঠকে ছিলেন তারা হয়তো তাকে জানাননি অথবা যাদের যাওয়ার কথা ছিল তারা উপস্থিত ছিলেন না।” সুকান্ত মজুমদার প্রশ্ন তোলেন কেউ যদি তার কর্তব্যে গাফিলতির করেন তাহলে দোষটা কার?

