আমাদের ভারত, ২৯ সেপ্টেম্বর: ক্ষমতায় আসার আগে দিদিমণি বলেছিলেন কলকাতাকে লন্ডন বানিয়ে দেবেন। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে লন্ডনের বদলে কলকাতা ভেনিস হয়ে গেছে। তিলোত্তমা কলকাতা এখন জলোত্তমা। এভাবেই মুখ্যমন্ত্রী ও তার প্রশাসনকে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
নিম্নচাপের পর নিম্নচাপ। আর তাতে জলমগ্ন তিলোত্তমা। জেলাগুলি তো বটেই শহর কলকাতার বেশিরভাগ অংশ কার্যত জলের তলায় বলা যেতেই পারে। বৃষ্টির জমা জলে পুজোর আগে কলকাতাবাসী নাস্তানাবুদ। বহু জায়গায় বাড়ির একতলা জলের তলায়। তার মধ্যেই আজ সকালে উত্তর কলকাতায় ভেঙে পড়েছে জরাজীর্ণ বাড়ি। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে আটকে থাকা শিশু-বৃদ্ধসহ ১৭ জন। তবে এই ঘটনায় এক শিশু ও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগের সুরে বলেন, “রাজ্য প্রশাসনের কখনোই কোনো প্রস্তুতি থাকে না। পুলিশ শুধু মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পরিবারকে সুরক্ষা দিতে ব্যস্ত। কালীঘাট চত্বরে সুরক্ষা দেওয়াই তাদের কাজ। বাকি কোথায় কি হচ্ছে তাদের প্রয়োজন নেই। আর বাকি রইল জল জমা, দিদিমণি বলেছিলেন লন্ডন বানিয়ে দেবেন এখন সেই জায়গায় কলকাতা ভেনিস হয়ে গেছে। শেষ কয়েকদিন তৃণমূলের বরিষ্ঠ নেতাদের জলে দাড়িয়ে থাকতে দেখে খারাপ লেগেছে। তিলোত্তমা কলকাতাকে মমতা বন্দ্যোপাধ্যায় জলোত্তমা বানিয়ে ফেলেছেন।”

