আমাদের দেশে, ৮ মার্চ: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। সোমবারই লকেট চট্টোপাধ্যায় দেখা করেছিলেন তার সঙ্গে। সেখানে উপস্থিত ছিলেন সায়ন্তন বসু, রিতেশ তেওয়ারিও, রাজু ব্যানার্জি। তারপরের দিনই জয়প্রকাশ তৃণমূলে যোগ দেন। আর এই তৃণমূলে যোগ দিয়েই তিনি দলের সহ সভাপতির পদ পান। তার এই যোগদানকে চুড়ান্ত কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার কথায় অবাধ্য সৈনিক যুদ্ধে কোনো কাজে লাগে না। এক কথায় তিনি বুঝিয়ে দিতে চেয়েছেন, জয়প্রকাশের এই সিদ্ধান্তের কারণে বিজেপির কিছু এসে যায় না।
সুকান্ত মজুমদার বলেন, “ওনাকে দল সাময়িকভাবে সাসপেন্ড করেছিল, দলে তো ছিলেন না। তাই এরপর কোনও দলে যাবেন সেটা একান্ত ব্যক্তিগত বিষয়। মানুষকে কেউ ধরে রাখতে পারে না। এর আগে তো কংগ্রেস করেছিলেন। তারপর বিজেপিতে এসেছিলেন। এবার বিজেপি থেকে তৃণমূলে গেলেন। এটা নতুন কোনও বড় ব্যাপার নয়। এরপর আরো কোনও দল পরিবর্তন করবেন।”
তবে একুশের বিধানসভা নির্বাচনের আগের ছবিটা কিছুটা আলাদা ছিল। সেই সময়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে ছিল। তৃণমূলের একাধিক প্রথম সারির নেতা পদ্ম শিবিরে যোগ দিয়েছিলেন। কিন্তু বিধানসভা ভোটের ফল প্রকাশের পরই বদলে যায় সেই ছবি। আবার বিজেপি ছেড়ে তৃণমূলে অনেকেই ফিরতে থাকেন। এবার দল ছাড়লেন জয়প্রকাশ। এই প্রসঙ্গে সুকান্ত বলেন, “যুদ্ধ জিততে গেলে শৃংখলাবদ্ধ সৈনিকের প্রয়োজন। যে সেনা নিয়ম মেনে চলে না সে যুদ্ধে কাজে আসে না। দল পরিবর্তন, বৈঠক সেটা তাদের বিষয়, সে বিষয়ে তারা বলবেন। দলের ভিতরে সমস্যা থাকলে তা নিয়ে কথা বলার অধিকার রয়েছে সকলের। বাকি দলের বাইরে যা হবে সেটা তাদের ব্যক্তিগত বিষয়, দল তার উত্তর দেবে না”।

