আমাদের ভারত, ২১ সেপ্টেম্বর: দিলীপ ঘোষের জায়গায়
রাজ্য বিজেপির নতুন সভাপতি হয়েছেন সুকান্ত মজুমদার। দিলীপ ঘোষকে সর্বভারতীয় সহ-সভাপতি পদে উন্নীত করা হয়েছে। প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ গরুর দুধে সোনার রয়েছে বলে এক সময় একটি বলে মন্তব্য করেছিলেন। তা নিয়ে প্রবল বিতর্কের ঝড় উঠেছিল। কিন্তু নয়া রাজ্য সভাপতিও গরুর দুধের সোনা মন্তব্যে দিলীপ ঘোষের পাশেই দাঁড়ালেন। তবে এক্ষেত্রে সুকান্ত মজুমদার যথেষ্ট বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা দিয়েছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।
সাংবাদিক বৈঠকে বিজেপির নয়া রাজ্য সভাপতিকে গরুর দুধের সোনা মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে, তিনি দিলীপ ঘোষের পাশে দাঁড়ান। তিনি বলেন, “কোন খাবারে লোহা আছে বলা হলে তা দিয়ে আপনি কি টিএমটি বার বানাবেন? তেমনি খাবারের মধ্যে সোনা রয়েছে মানে মলিকিউলারের কথা বলা হয়েছিল। দুধের সোনা বের করে কি আপনি গয়না বানাবেন?” এরপরই তাঁর কটাক্ষ, “বিজ্ঞানের পড়ুয়া না হলে এটা বোঝা কঠিন। সেই সময় একটি বিদেশী জার্নালে এই সংক্রান্ত একটি রিপোর্টও বেরিয়েছিল, সেটি আমিও পড়েছি।”
বর্ধমানের একটি সভায় গরুর দুধে সোনা রয়েছে বলে মন্তব্য করেছিলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তাঁর এই মন্তব্য নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। দিলীপ ঘোষের মানসিকতা নিয়ে প্রশ্ন ওঠে। তাতে তিনি ব্যাখ্যা দিয়ে বলেছিলেন তিনি বিজ্ঞানসম্মত কথাই বলেছেন। এবার সেই একই কথা শোনা গেল বিজেপির নতুন রাজ্য সভাপতির গলায়। সেই সময়েও প্রাক্তন রাজ্য সভাপতি মন্তব্যে সমর্থনে পোল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণাপত্র, যা শেয়ার করা হয় বিজেপি তরফে। তাতে দেখা গিয়েছিল ওই গবেষণায় বিজ্ঞানীরা সত্যিই গরুর দুধে অন্যান্য খনিজের সঙ্গে সোনার উপস্থিতির প্রমাণ পেয়েছেন।
পোল্যান্ডের রকল ইউনিভার্সিটি অফ টেকনোলজি ২০০৫ সালের গবেষণায় গরুর দুধে অজৈব এবং রাসায়নিক মিলিয়ে ৩৮টি উপাদান মিলেছিল। তারা প্রমাণ করেছেন দস্তা, আয়োডিন, অ্যালুমিনিয়াম, রেডিয়াম, প্লাটিনাম, অ্যান্টিমনি সহ নানা পদার্থের মত গরুর দুধে রয়েছে সোনাও।
আজ সেই কথাটাই বৈজ্ঞানিক ভাবে ব্যাখ্যা করলেন সুকান্তবাবু। একই সঙ্গে তাঁর দাবি, দিলীপ ঘোষ সেদিন সোনার মলিকিউলারের কথা বললেও তাঁর মন্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে সেই সময়। তাঁর কথায় সবার সমালোচনাকেই স্বাগত জানাবো। তবে পড়াশোনা করে সমালোচনা করলে ভালো হয়।

