আমাদের ভারত, ১ সেপ্টেম্বর: ডিভিসির জল ছাড়ার কারণে প্লাবিত পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এটা ম্যান মেড বন্যা, না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি। কিন্তু বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, জল যে ছাড়া হবে সেকথা মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে। কিন্তু তিনি তার প্রেক্ষিতে মানুষকে সরিয়ে নেওয়ার কোনো কাজ করেননি।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “গতকাল জল ছাড়ার আগে ডিভিসি থেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল। সেই চিঠি আমাদের কাছেও আছে। মাননীয়া মুখ্যমন্ত্রী মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেননি। এই ধরনের কথা যে উনি বলবেন তা জানতাম। গতকাল হোয়াটসঅ্যাপের মেসেজে আছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই কথা বলবেন। চাইলে আমি হোয়াটসঅ্যাপে স্ন্যাপশট দেখাতে পারি।”
এপ্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, রাজ্যের সঙ্গে কথা না বলে কখনো জল ছাড়া হয় না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাদের না জানিয়ে জল ছেড়ে দেওয়া হচ্ছে। এটা তো অপরাধ। রাজ্য সরকার কেন এই বিষয়ে পদক্ষেপ করছে না? কেন এর বিরুদ্ধে মামলা দায়ের করছে না। ছোটো খাটো সব বিষয়ে রাজ্য সরকার আদালতে চলে যাচ্ছে অথচ এক্ষেত্রে কেন যাচ্ছে না?
প্রসঙ্গত উল্লেখ্য, ডিভিসির ছাড়া জলে রাজ্যের একাধিক জেলা প্লাবিত। ওই ঘটনাকে ম্যান মেড বন্যা বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, না জানিয়ে জল ছাড়ায় এই বন্যা হয়েছে। ডিভিসি সূত্রে জানানো হয়েছে ঝাড়খন্ড ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির কারণে জল ছাড়া হচ্ছে। তবে বৃহস্পতিবার বৃষ্টি না হলে জল ছাড়ার পরিমাণ কমানো হবে। সেনা কর্মী ও বিপর্যয় মোকাবিলা দল উদ্ধারকাজ শুরু করেছে।

