আমাদের ভারত, ১২ ফেব্রুয়ারি: শনিবার ৪ পুরসভার ভোটকে গণতন্ত্রের সমাধি বলে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন বিজেপি রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠক করে আসানসোল, বিধাননগর ও চন্দননগরের পুরভোটের একাধিক ঘটনার উল্লেখ করে সুকান্ত মজুমদার বলেন, ভোট হয়নি, পুলিশের উপস্থিতিতে তৃণমূল সন্ত্রাস চালিয়েছে।
তবে শিলিগুড়ির বিষয়ে আশাবাদী বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলেন, শিলিগুড়িতে বিজেপির ভালো ফল হবে ।সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদারকে প্রশ্ন করা হয় শিলিগুড়িতে কি বিজেপি বোর্ড গঠন করার জায়গায় পৌঁছাবে? তার উত্তরে বালুরঘাটের সাংসদ বলেন, আমি তো জ্যোতিষী নই তবে শিলিগুড়িতে ভালো ফল হবে।
বিধাননগরে একাধিক জায়গায় ভুয়ো ভোট দেওয়ার অভিযোগ তুলেছেন সুকান্ত মজুমদার। আসানসোলে গুলি চলা ও অগ্নিমিত্রা পালকে গৃহবন্দী করার উল্লেখ করেছেন সুকান্ত মজুমদার। তিনি বলেছেন গণতন্ত্র লুট হয়ে গিয়েছে।
সেই সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনকেও তৃণমূলের মদদপুষ্ট বলে উল্লেখ করেছেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, কমিশনের কাছে গিয়ে কিছু লাভ নেই। যা বলার আদালতে বলবো।
নির্বাচন কমিশন ও সরকারকে অভিনন্দন জানিয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেন, রাজ্যের গণতন্ত্রকে হাস্যকর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। তার কথায়, রাজ্য সরকার এই ভাবে ভোট করার চেয়ে যদি ভোট না করাতেন, প্রশাসক বসিয়ে রাখতেন তাহলে অনেক ভালো হতো। বোমা-গুলি কারো মাথা ফাটা এসবের কোন প্রয়োজন ছিল না।
কোথাও বহিরাগতদের দৌরাত্মের অভিযোগ, কোথাও বুথের ভেতর দুই প্রার্থীর হাতাহাতি। কোথাও বিজেপি প্রার্থীর মাথা ফাটানো। কোথাও বুথের সামনে গুলি চলার অভিযোগ উঠেছে। ভোটের দিন ৪ পৌরসভাতেই বিক্ষিপ্ত অশান্তি হয়েছে। তবে সবচেয়ে বেশি গন্ডগোল হয়েছে আসানসোল বিধাননগরে।

