আমাদের ভারত, ২১ সেপ্টেম্বর: গতকালই বিজেপির নতুন রাজ্য সভাপতি করা হয়েছে বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে। আর আজ সেই দায়িত্বভার আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করার পর সুকান্ত মজুমদার বিজেপি ছেড়ে যাওয়া নেতাদের দলে ফেরার ডাক দিলেন।
সাংবাদিক সম্মেলনে সুকান্ত মজুমদার বলেন, “নির্বাচনের ফলের প্রভাব যে কোনও দলে পড়ে, সেটাই স্বাভাবিক। কিন্তু দল পরিবর্তনের বিষয়ে বলতে চাই, আমরা চাই না কেউ যাক। সবাইকে নিয়ে আমরা চলতে চাই। যারা নীতি আদর্শ নিয়ে ভারতীয় জনতা পার্টি করতে চান তারা থাকবেন। এটাই আশা করব। একসঙ্গে লড়াই করব। আর যারা অন্য উদ্দেশ্য নিয়ে এসেছিলেন তারা চলে যাবে সেটা তাদের ব্যাপার। কিন্তু আমার বিশ্বাস যারা থাকার তারা থাকবে আর যারা চলে গিয়েছেন, তাদের কাছে অনুরোধ, পর্যালোচনা করে ভেবে দেখুন হয়তো ভুল সিদ্ধান্ত নিয়েছেন। তাদের কাছে অনুরোধ পারলে ফিরে আসুন।”
নতুন দায়িত্ব ভার গ্রহণ করেই দলকে মজবুত করার কাজ কাঁধে তুলে নিতে চান তিনি, সেটা নিজেই জানিয়েছেন। সেইমত প্রথম দিন থেকে কাজও শুরু করে দিলেন বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। তাই তো প্রথম দিনেই তাঁর মুখে দলবদলকারীদের ফিরিয়ে আনার কথা শোনা গেল। যদিও দলের আদর্শ মেনে নিয়েই যে তাদের আগামী দিনে চলতে হবে সেই কথাও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। তবে সবাইকে নিয়ে তাঁর এই পথ চলার ভাবনা অবশ্যই সংগঠন মজবুতিতে কার্যকরি হবে বলে আশাবাদী পদ্মশিবির।

