তৃণমূল সরকারের কৃতিত্ব!! যে জমিতে টাটার কারখানা হতো, সেখানে পাশবালিশ তৈরির কাশফুলের চাষ হচ্ছে, কটাক্ষ সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ১৬ ডিসেম্বর: কৃষকদের একাধিক দাবিকে সামনে রেখে সিঙ্গুরে ধর্না বিক্ষোভ করছে বিজেপি। আজ শেষ দিনে সেই বিক্ষোভ মঞ্চ থেকে তৃণমূল সরকারকে সিঙ্গুরে কারখানা না হওয়া, তিন ফসলি জমিকে বন্ধ্যা জমিতে পরিণত করার জন্য দায়ী করেন সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ ১৫ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব হলো কয়েক হাজার যুবকের কর্মস্থানের সুযোগ কেড়ে নিয়ে সেখানে কাশফুলের চাষ করে পাশবালিশ বানানোর মতো অলীক পরিকল্পনা করা।

কটাক্ষ করে সুকান্ত মজুমদার বলেন, যে জমিতে টাটার কারখানা হবার কথা ছিল, সেখানে পাশবালিশ তৈরির জন্য কাশফুলের চাষ হচ্ছে, এটাই রাজ্যের তিন বারের মুখ্যমন্ত্রীর অর্জিত কৃতিত্ব। বিজেপি বিরোধীরা অনেকেই বলছেন জন সমর্থন পেতে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করছে। তাই সিঙ্গুরে আন্দোলন শুরু করেছে। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি
সুকান্ত মজুমদার বলেন, “আমরা মমতা ব্যানার্জিকে অনুসরণ করি না। আমাদের নরেন্দ্র মোদী ১০টা মমতা ব্যানার্জি থেকেও অনেক উঁচুতে রয়েছেন। আমরা দেখাতে চাই, তৃতীয়বারের মুখ্যমন্ত্রীর অ্যাচিভমেন্ট কী? তিনি ঠিক কী কী কাজ করেছেন? কোন বড় কাজ করেছেন?” এরপরই বিজেপি রাজ্য সভাপতি বলেন, “এই ধর্না মঞ্চের পেছনে যে জায়গাটা রয়েছে যে জায়গায় একসময় তিন ফসলি জমি ছিল। যেখানে টাটার কারখানা হওয়ার কথা ছিল। হাজার হাজার বেকার যুবকদের কর্মসংস্থান হবার কথা ছিল। কিন্তু সেখানে এখন কাশফুলের চাষ হচ্ছে। কাশফুল দিয়ে এখন পাশ বালিশ তৈরি করবে তৃণমূল কংগ্রেস ও মমতা ব্যানার্জি। বন্ধ্যা ভূমি তৈরি হয়ে গেছে এই জমি। এটাই মমতা ব্যানার্জির ১৫ বছর সরকার থাকার সবথেকে বড় অ্যাচিভমেন্ট।”

সুকান্ত মজুমদার অভিযোগ করেন, রাজ্য সরকারের উদাসীনতার কারণে রাজ্যে কৃষকরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন। অতি বৃষ্টির কারণে আলুচাষীরা বিপাকে পড়েছেন। কিন্তু কেন্দ্রের কৃষক বিমা প্রকল্প রাজ্যে চালু না থাকায় কৃষকরা আলু নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত দিয়ে বসেছেন। বিজেপির রাজ্য সভাপতি দাবি করেছেন, এই অসহায় কৃষকদের জন্য অবিলম্বে রাজ্য সরকারকে পদক্ষেপ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *