আমাদের ভারত, ২২ অক্টোবর: রাজ্য সভাপতি হওয়ার পর প্রথম জেলা সফরে বীরভূমে গিয়ে নাম না করে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে চূড়ান্ত কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার। একইসঙ্গে তাঁর উদ্দেশ্যে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
বীরভূমের সিউড়িতে বৃহস্পতিবার দলের একটি সাংগঠনিক সভায় যোগ দিয়ে বক্তব্য রাখার সময় তিনি বলেন, “এই জেলায় প্রায় ৪৩ থেকে ৪৪ শতাংশ ভোট পেয়েছি আর আধ পাগলা বিচ্ছুর ভয়ে আমরা কি ঘরে ঢুকে যাবো? যার মাথায় ঠিকমতো অক্সিজেনই পৌঁছায় না, আপনারা সকলে মিলে লড়াই করুন আমি কথা দিচ্ছি আপনারাই ওর মাথায় ঠিকমতো অক্সিজেন পৌঁছে দিতে পারবেন। এরপরই তাঁর হুঁশিয়ারি, “যখন ঘরের মধ্যে ঢুকে যায় মৃত্যুর সঙ্গে কি করতে হয় আপনারা জানেন, দরকার হলে সেটা করবেন। দল আপনাদের পাশে থাকবে।”
সুকান্ত মজুমদার দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে বার্তা দেন, “এই মুহূর্তে আমরা ঘরে ঢুকে গেলে সেই সমস্ত লোকেদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে, যারা আমাদের সাহস করে ভোট দিয়েছেন। কী হবে? পুলিশ কেস দেবে, এখনও মামলা হচ্ছে। যখন মামলা খেতেই হবে তখন মার খেয়ে মামলা খাবার থেকে মার দিয়ে মামলা খাওয়া অনেক ভালো।” একই সঙ্গে তাঁর আশ্বাস, “পার্টি দলীয় কর্মীদের পাশে দাঁড়াবে। জামিন করাবে।”
এদিন বক্তব্য রাখার সময় তিনি দলীয় কর্মীদের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, “ভোটের পর হয়তো আমরা সবার পাশে দাঁড়াতে পারিনি। তা নিয়ে আমাদের অনেক কর্মীদের মধ্যে ক্ষোভ আছে। আমি হাতজোড় করে তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আগামী দিনে পার্টি যথাসাধ্য পাশে থাকার চেষ্টা করবে।”
এই সাংগঠনিক সভা থেকে সুকান্ত মজুমদার আগামী লোকসভার সুর বাঁধার কাজ শুরু করে দেন। তাঁর কথায় আগামী লোকসভা ভোটে রাজ্যে থেকে কুড়ির বেশি আসন পেতেই হবে। এছাড়াও বীরভূম থেকেও লোকসভার আসন তাঁর চাই বলে দাবি করেন তিনি। একইসঙ্গে আসন্ন পুরসভা নির্বাচনকে সামনে রেখে লোকসভা ভোটের জন্য ঘর গোছানো বার্তা দেন রাজ্য বিজেপি সভাপতি।

