অনুব্রত সিপিএমের স্কুলে পড়া ও পাস করা ছাত্র, তৃণমূল নেতার সূত্র ধরে বামেদেরকেও কটাক্ষ সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ৮ মার্চ: রাজ্য রাজনীতির কেন্দ্রে এখন বীরভূমের কেষ্ট। গরু পাচারে অভিযুক্ত এই তৃণমূল নেতার দিল্লি যাত্রা নিয়ে আলোচনার শেষ নেই। এবার সেই কেষ্টর প্রসঙ্গ তুলেই বামেদেরও খোঁচা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

বুধবার মায়াপুরের ইস্কন মন্দিরে যান বিজেপির রাজ্য সভাপতি। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, অনুব্রত মণ্ডল হচ্ছেন সিপিএমের নেতা সুশান্ত ঘোষদের ভালো ছাত্র। সুশান্ত ঘোষরা একসময় একরকম ফাঁকা আওয়াজ দিত। এখন যেটা অনুব্রত দেয়। সঙ্গে আছে চড়াম চড়াম, গুড় বাতাসা। সিপিএম নেতাদের কাছ থেকে শিক্ষা নিয়েই অনুব্রত বলতো বোমা মারবো, গুলি মারব। সিপিএমের স্কুল থেকে পড়া ও পাশ করা অনুব্রত সিপিএমের কাছ থেকেই এই কথাগুলোর সার্টিফিকেট প্রাপ্ত।

এখানেই শেষ নয়, বামেদের নিশানা করে বিজেপি নেতার কটাক্ষ, অনুব্রতর তিহার যাত্রা নিয়ে সিপিএমের গর্ব হওয়া উচিত, যে তারা দিল্লি পর্যন্ত পৌঁছতে পারেননি অথচ তাদের ছাত্র দিল্লি পৌঁছে গেছে। তিহার জেলে তিন ভাই একসঙ্গে থাকবে। তাদের দেখা হবে, ভারত মেলাও হবে। বহুদিন তাদের আলাদা করে রাখছিল। এখন গরু দিয়ে কলা দিয়ে একই সূত্রে বাঁধা হবে।

বিজেপির রাজ্য সভাপতি এদিনও ডিএ ইস্যুতে তোপ দাগেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রীকে মাথা কাটতে হবে না, উনি চেয়ার ছেড়ে দিন আমরা দশ বছর থাকলে কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিয়ে দেব। অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, অনুব্রত দিল্লির লাড্ডু খেলে আরো হেভি ওয়েটের নাম উঠে আসার সম্ভাবনা রয়েছে।

এদিন তিনি দোলপুর্ণিমা উপলক্ষ্যে মায়াপুর ইস্কন মন্দিরে গিয়েছিলেন। সুকান্ত জানান, পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন ও জনগণের মঙ্গল কামনায় তিনি পুজো দেন। এছাড়া গোমাতার সেবা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *