আমাদের ভারত, ২ জানুয়ারি: করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকারের জারি করা বিধি নিষেধ জারি করতে দেরি করে ফেলেছে সরকার। এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “চোর পালালে বুদ্ধি বাড়ে। এটা আরও আগে করা গেলে ভালো হতো।
আজ দক্ষিণ দিনাজপুর জেলায় ফুলবাড়িতে বিজেপি জেলা কিষাণ মোর্চার ডাকে কৃষি বাঁচাও কৃষক বাঁচাও জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানেই রাজ্য সরকারের জারি করা বিধিনিষেধকে কটাক্ষ করেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, এই বিধিনিষেধ আরও আগে জারি করা প্রয়োজন ছিল। এখন এই পদক্ষেপ অনেকটা চোর পালালে বুদ্ধি বাড়ার মতো। সুকান্ত মজুমদার জানান, আজকের পর কৃষকদের নিয়ে তাদের সমাবেশ বন্ধ রাখা হবে। তবে পৌর নির্বাচনের কাজ ও সভা চলবে। এই পরিস্থিতিতে পৌর নির্বাচন করা সম্ভব কিনা তা রাজ্য নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে।
লোকাল ট্রেন নিয়ে জারি করা বিধিনিষেধ প্রসঙ্গে তিনি বলেন, সন্ধে সাতটার পর ট্রেন না চালানোর নির্দেশ যদি রাজ্য সরকার দিয়ে থাকে তবে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষের বাড়ি ফেরার বিকল্প ব্যবস্থা রাজ্য সরকারের করা উচিত।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা সফর নিয়ে তিনি বলেন, বাংলাকে নষ্ট করেছেন এখন ত্রিপুরাকে নষ্ট করার জন্য গিয়েছেন। সেই কাজে তিনি সফল হবেন না।
ফিরহাদ হাকিমের প্রসঙ্গে সুকান্ত বাবু বলেন, “মানুষের তিনটে হাত বলে আমি জানি। ডান হাত, বাম হাত, অজুহাত। ফিরহাদ হাকিম ও রাজ্য সরকার তাদের কাজে ব্যর্থ বলে অজুহাত দিচ্ছেন।”

