আমাদের ভারত, ২৪ ফেব্রুয়ারি: সমগ্র শিক্ষা মিশনের টাকা যদি পেতে হয়, তাহলে যে যে বিষয় গুলো মেনে চলা উচিত রাজ্য সরকার তা করছে না। আর সেই কারণেই কেন্দ্রের তরফে বরাদ্দ অর্থ বন্ধ হয়ে গেছে পশ্চিমবঙ্গের জন্য বলে দাবি করেছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী সুকান্ত মজুমদার।
মঙ্গলবার নিউ টাউনে খড়্গপুর আইআইটি রিসার্চ পার্কে প্রতিষ্ঠানের ৭৫ বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তাঁকে প্রশ্ন করা হয় শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে। সেখানেই তিনি বলেন সর্বশিক্ষার বরাদ্দ বন্ধ রয়েছে, কারণ রাজ্য সরকার পিএমশ্রী স্কুল মানছে না। এটি একটি প্যাকেজ। ফলে এর সুবিধা পেতে হলে পুরোটা গ্রহণ করতে হবে।
তাঁর দাবি পিএমশ্রী নিয়ে রাজ্য সরকারের কোথায় আপত্তি তা তাদের বোধগম্য হচ্ছে না। তিনি বলেন, তবে কি পিএম শব্দের কারণে এই আপত্তি? কিন্তু তা তো হওয়ার কথা নয়। আজ প্রধানমন্ত্রী বা পিএম নরেন্দ্র মোদী। কাল মমতা বন্দ্যোপাধ্যায়ও হতে পারেন, তারপর রাহুল গান্ধীও হতে পারেন, কখনো আমিও হতে পারি।
বহু রাজ্য পিএমশ্রী প্রকল্প মেনে নিলেও পশ্চিমবঙ্গ কেন তা মেনে নিচ্ছে না তা নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে তিনি জানান, এই বিষয়ে আলোচনা চলছে। দ্রুত সমস্যা সমাধান হবে বলেও তিনি আশাবাদী।
একইভাবে উচ্চশিক্ষায় পিএম ঊষা প্রকল্প নিয়েও রাজ্যকে কটাক্ষ করেন সুকান্ত মজুমদার। তাঁর দাবি, রাজ্যের এই প্রকল্পে রাজ্য আবেদন করলে বিশ্ববিদ্যালয় গুলি কেন্দ্রীয় অর্থ সাহায্য পেতো। কিন্তু রুসা এক মানলেও রাজ্যের তরফে পিএম উষা ফান্ডে আবেদন করা হচ্ছে না। তার ফলে বিশ্ববিদ্যালয়গুলি কেন্দ্রীয় সাহায্য পাচ্ছেন না বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী।

