আমাদের ভারত, ১ ফেব্রুয়ারি: “সনাতন হিন্দু ধর্মের সেবাধারা ও ত্যাগের জীবন্ত প্রতীক, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের পবিত্র আবির্ভাব দিবসে জানাই কোটি কোটি প্রণাম।” রবিবার এভাবে স্বামী প্রণবানন্দকে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।
সুকান্তবাবু এক্সবার্তায় লিখেছেন, “হিন্দুত্বের মূল আদর্শ — সেবা, ত্যাগ ও মানবকল্যাণকে জীবনের ব্রত করে তিনি যে আলোকবর্তিকা প্রজ্বলিত করেছিলেন, তা আজও আমাদের জাতীয় ও সাংস্কৃতিক চেতনাকে পথ দেখায়।
তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সকলেই যেন দেশ, ধর্ম ও সমাজসেবায় নিজেকে উৎসর্গ করতে পারি।”
প্রসঙ্গত, স্বামী প্রণবানন্দ (২৯ জানুয়ারি, ১৮৯৬ — ৮ জানুয়ারি ১৯৪১) মাদারিপুর জেলার বাজিতপুর গ্রামে বিষ্ণুচরণ ভুঁইঞা ও মা সারদাদেবীর ঘরে জন্ম গ্রহণ করেন। বাল্য নাম ছিল বিনোদ। তাঁর বাবা বিষ্ণুচরণ ভুঁইঞা জমিদারের অত্যাচার থেকে প্রজাদের বাঁচাতে গিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে পড়েন। জনশ্রুতি, বিপদ থেকে উদ্ধার পেতে গৃহদেবতা নীলরুদ্রের শরণাপন্ন হন তিনি। ভক্তের কাতর প্রার্থনায় মহাদেব শিব প্রসন্ন হয়ে তাকে দর্শন দান করেন ও বলেন “ভয় নেই আমি তোমার পুত্র রূপে জন্মগ্রহণ করবো। আমার জন্মের সঙ্গে সঙ্গেই তোমাদের বিপদের মেঘ কেটে যাবে। “

