প্রথমবারের এমপি ক্যাটাগরিতে সংসদ রত্ন পুরস্কার ২০২৩-এর জন্য মনোনীত হলেন সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ২১ ফেব্রুয়ারি: বালুরঘাট লোকসভার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সংসদে তার পারফরম্যান্সের জন্য “প্রথমবারের এমপি” বিভাগে সংসদ রত্ন পুরস্কার ২০২৩-এর জন্য মনোনীত হয়েছেন। বিজেপির রাজ্য সভাপতির এই মনোনয়নের জন্য স্বভাবতই খুশি বঙ্গ পদ্ম শিবির। টুইটারে বঙ্গ বিজেপির তরফে পোস্ট করে বলা হয়েছে, বিজেপি সাংসদরা বাংলাকে গর্বান্বিত করেছেন, অথচ তৃণমূল সাংসদরা দিল্লি গিয়ে কোন কাজ করছেন?

জানাগেছে, ডঃ সুকান্ত মজুমদার, সংসদে রেকর্ড তৈরি করে ৫২২টি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যা সমস্ত সংসদ সদস্যদের মধ্যে সর্বোচ্চ। এই প্রশ্নগুলি স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিকাঠামো, কৃষি এবং পরিবেশ সহ বিস্তৃত বিষয়গুলির উপর রয়েছে।

এছাড়াও ডঃ মজুমদার সংসদে ৩২টি বিতর্কে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে দেশের সামনে তুলে ধরেছেন। তাঁর বাকপটু বক্তৃতা হাউসের নজর কাড়ার সঙ্গে অনেক তাৎপর্যপূর্ণ আলোচনার জন্ম দিয়েছে।

ডঃ মজুমদার সংসদে পাঁচটি বেসরকারি সদস্য বিলও উত্থাপন করেছেন যাকিনা সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টিতে কাজ দেবে বলে মনে করা হচ্ছে।

দলের কর্মীদের মতে, সংসদ রত্ন পুরষ্কার ২০২৩- এর জন্য ডঃ মজুমদারের এই মনোনয়ন একজন সাংসদ হিসাবে তাঁর পারফরম্যান্স এবং তাঁর নির্বাচনী এলাকার জনগণ এবং ব্যাপকভাবে জাতির সেবা করার প্রতি তার উৎসর্গের প্রমাণ। তাদের দাবি, সুকান্ত মজুমদার অন্যান্য সংসদ সদস্যদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং দেশের তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *