আমাদের ভারত, ১৪ মার্চ: বিধানসভা নির্বাচনের আগে কলকাতায় পদ্ম শিবিরের বিশাল ব্রিগেড সমাবেশ থেকে তৃণমূল কংগ্রেসের মতো জঞ্জাকে সরিয়ে দেওয়ার আহ্বান জানালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর দাবি, বাঙলায় আগামীর পথ দেখাবে বিজেপি।
একই সঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই অপশাসন কিভাবে দূর হবে তার ব্যাখা দেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী গোটা কলকাতা জুড়ে “গো ব্যাক মোদী” পোস্টার লাগিয়েছেন। কিন্তু দিদি আপনি যতই পোস্টার লাগান, বাংলার মানুষ আপনাকে গো ব্যাক জানাচ্ছেন। নরেন্দ্র মোদীর জন্য হৃদয় ভরা ভালবাসা রয়েছে এখানকার মানুষের।
এস আই আর ইস্যুতে মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রীর ধর্নায় বসাকে খোঁচা দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী এক বিশেষ সম্প্রদায়কে উস্কানি দিয়ে জানিয়েছিলেন যে, সবাই এক হলে হিন্দুদের ধূলিসাৎ করে দেওয়া হবে। ছিঃ! মুখ্যমন্ত্রী আপনি তো সবাইকে ছাপিয়ে গেলেন। আমি আপনাকে জানাচ্ছি যে, আমরা আপনার মত সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে হাজার বছর ধরে লড়াই করছি। তাই আমরা টিকে আছি। এই লড়াই চলবেই। তিনি মানুষের উদ্দেশ্যে আহ্বান জানান, আপনাদের হাতে আর হয়তো ৪০ দিন সময় আছে। তার মধ্যে তৃণমূল কংগ্রেস নামক জঞ্জালকে সরিয়ে দিন।
তিনি বলেন, তৃণমূল কংগ্রেস বলে বিজেপি সরকার নাকি কিছুই করেনি। মুখ্যমন্ত্রী আপনার চোখে কি ন্যাবা হয়েছে? মোদীজি রাজ্যের জন্য কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন। আলুর দাম পাচ্ছে না চাষিরা। হাহাকার করছে। রাজ্যে বিজেপি সরকার তৈরি হবে। আলু চাষিদের দাম দেওয়ার ব্যবস্থা করা হবে। রাজ্যে ৩৭ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি করেছে বিজেপি সরকার। কেন্দ্র রাজ্যকে বন্দে ভারত দিয়েছে। এই রাজ্যের জন্য ১৪ হাজার কোটি টাকা রেলকে দিয়েছে মোদী সরকার। একই সঙ্গে দুর্নীতি দমনে তাঁর হুঁশিয়ারি, অপরাধীদের উপর এই রাজ্যে বুলডোজার চলবে। এটা বিজেপির প্রতিশ্রুতি। এই নির্বাচনে বিজেপি সরকার তৈরি করুন।

