আমাদের ভারত, ১৩ জুলাই:
লোকসভার অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন করে রেকর্ড গড়লেন বালুরঘাটের বিজেপি সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ১৭ তম লোকসভার অধিবেশনে তিনি একাই ৪৪৪টি প্রশ্ন করেছেন, মূলত সংখ্যালঘু বিষয়ক তথ্য, জাতীয় শিক্ষা নীতি, কর্মসংস্থান, মহিলা ক্ষমতায়ন বিষয়ক নানা প্রশ্ন করেন সুকান্ত মজুমদার।
আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হবে সংসদের বাদল অধিবেশন। তার আগে বিগত লোকসভার অধিবেশনে ২০২১ এর শীতকালীন অধিবেশনে কোন রাজ্যের সাংসদরা কতগুলো প্রশ্ন করেছেন, লোকসভায় কোন রাজ্য থেকে প্রশ্নোত্তর পর্বে সবচেয়ে বেশি সাংসদ অংশগ্রহণ করেছেন, সেটা খোঁজ করতে গিয়ে দেখা যাচ্ছে মোট ৪৪৪টি প্রশ্ন করে দেশের সমস্ত সাংসদদের অনেকটা পিছনে ফেলে দিয়েছেন সুকান্ত মজুমদার। সংসদে তার উপস্থিতিও ৭০ শতাংশ।
রাজনৈতিক কর্মসূচি প্রতিদিন তাঁর লেগেই থাকে। রাজ্য বিজেপির সভাপতি হওয়ার কারণে তাঁকে সারা রাজ্য ঘুরে বেড়াতে হয়। তার মধ্যেও নিজের সাংসদ এলাকার মানুষের জন্য ক্রমাগত সোচ্চার হওয়ার জন্য তাকে কুর্নিশ জানিয়েছেন দলের কর্মী সমর্থকরা।
গত লোকসভা অধিবেশনে প্রশ্ন করার ক্ষেত্রে সুকান্ত মজুমদারের পরেই রয়েছেন জামশেদপুরের বিজেপি সংসদ বিদ্যুৎ মাহাতো। তিনি ১৭তম লোকসভা অধিবেশনের ৪৩৭ টি প্রশ্ন করেছেন। তার উপস্থিতি ছিল ৮৩%। তৃতীয় স্থানে রয়েছেন মহারাষ্ট্রের শিবসেনার সাংসদ শ্রীরঙ্গা বার্নে। ৪৩৬ টি প্রশ্ন করেছেন তিনি সংসদে। তার উপস্থিতির হার ৯৬ শতাংশ। মহারাষ্ট্রের মোট ৪৯ জন সাংসদ রয়েছেন। তারা সকলে লোকসভায় প্রশ্ন করেছেন ১০ হাজার ৯৩২টি। সেখানে উত্তরপ্রদেশের ৮০ জন সাংসদ থাকা সত্বেও তাদের মোট প্রশ্নের সংখ্যা ৬১৬৩। তবে এক্ষেত্রে বিশেষভাবে নজর কেড়েছে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের একমাত্র কংগ্রেস সাংসদ। তার মোট প্রশ্ন ছিল ৪১৪ টি। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণের ক্ষেত্রে এগিয়ে মহারাষ্ট্র। এছাড়া উল্লেখযোগ্য রাজ্যগুলি হল রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ত্রিপুরার, কেরল। এক্ষেত্রে অনেকটাই পিছিয়ে পশ্চিমবঙ্গ। সবচেয়ে কম প্রশ্ন করেছেন হিমাচল, মণিপুর, মিজোরামের সাংসদরা। তবে হিমাচল এবং অরুণাচলের সাংসদদের লোকসভায় উপস্থিতির হার সবচেয়ে বেশি। ৯৪ % উপস্থিতির হার তাদের। এক্ষেত্রেও অনেকটাই পিছিয়ে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের সাংসদের উপস্থিতির হার মাত্র ৬৫.৩ শতাংশ।

