আমাদের ভারত, হুগলি, ৬ জুন : বিজেপির পক্ষ থেকে ডিএমকে ডেপুটেশন দেওয়া নিয়ে রনক্ষেত্র হয়ে উঠল চুঁচুড়ার পিপুলপাতি এলাকা। সোমবার একশো দিনের কাজে দুর্নীতি, এসএসসি দুর্নীতি সহ মোট সাত দফা দাবীতে হুগলির ডিএমকে ডেপুটেশন দেওয়ার কথা ছিল বিজেপির। সেইমত এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ বিজেপির হুগলি সাংগঠনিক জেলা কার্যালয় থেকে একটি বিরাট মিছিল শুরু হয়। সেই মিছিলে হাজির ছিলেন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, জেলা সভাপতি তুষার মজুমদার সহ বিজেপির রাজ্য ও জেলার একাধিক নেতা কর্মীরা।
এদিন তিন-নম্বর গেট তথা জেলা কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে ডিএম অফিস পর্যন্ত যাবার কথা ছিল। কিন্তু, মিছিল পিপুলপাতি মোড়ে পৌছতেই, সেখানে পুলিশ মোট দুটি ব্যারিকেড করে বিজেপি কর্মীদের আটকায়। বিজেপি কর্মীরা প্রথম ব্যারিকেড ভেঙ্গে এগিয়ে যায়। এরপর দ্বিতীয় ব্যারিকেডের কাছে পৌছতেই পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। এই ঘটনায় বিজেপি কর্মীদের পুলিশ মৃদু লাঠিচার্য শুরু করে বলে অভিযোগ। গ্রেফতার করা হয় বিজেপির জেলা সভাপতি তুষার মজুমদারকে।

এই ঘটনায় বিজেপির রাজ্য সভাপতির নির্দেশে কর্মীরা পিপুলপাতি মোড়ে ধর্না অবস্থান বিক্ষোভ শুরু করেন। এই ঘটনায় বিজেপির হুগলি সাংগঠিক জেলার সাধারন সম্পাদক সুরেশ সাউ বলেন, পুলিশ ও জেলা প্রশাসন বিজেপিকে ভয় পেয়েছে। পুলিশ লাঠিচার্জ করেছে। এই ঘটনায় আমাদের মোট পাঁচজন গুরুত্বর আহত হয়েছে। আমাদের জেলা সভাপতিকে পুলিশ গ্রেফতার করেছে। এই ভাবে বিজেপিকে আটকানো যাবে না। আগামী দিনে আমরা ডিএমকে ডেপুটেশন দিয়েই ছাড়ব। যদিও পুলিশের তরফে লাঠিচার্জের কথা অস্বীকার করা হয়েছে।


