ছবি: ওপরে, ভোটারদের বুথে নিয়ে যাচ্ছেন সুকান্ত মজুমদার।
আমাদের ভারত, ১০ জুলাই: সোমবার সকাল থেকে ৬৯৬টি বুথে চলছে পুনর্নির্বাচন। কিন্তু সেই পুনর্নির্বিচনেও বিভিন্ন জায়গায় অশান্তির খবর পাওয়া যাচ্ছে। সেইসব অশান্ত নানা স্থানে গেলেন বিজেপির রাজ্য সভাপতি ড. সুকান্ত মজুমদার।
দলের তরফে জানানো হয়, দক্ষিণ দিনাজপুরের দাউদপুর বুথে পুনঃ নির্বাচনের আগে রাতভর গুলি ও বোমাবাজি চলে। বিজেপি-র অভিযোগের তির তৃণমূলের দুষ্কৃতীদের দিকে। অভিযোগ, প্রত্যেকের বাড়ি বাড়ি এসে হুমকি দিয়ে যায়। বিজেপির অভিযোগ, রাতভর বিভিন্ন এলাকায় বোমাবাজি হলেও পুলিশ নিজের উদ্যোগে সেই প্রমাণ লোপাট করার চেষ্টা করে। সকালেও রাস্তার আশেপাশে পড়ে থাকে বোমার অবশিষ্টাংশ।

আজ সকালে সেগুলি সরেজমিনে খতিয়ে দেখেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রাণ ভয়ে ভোটাররা সোমবার প্রথমে কেউ ভোট দিতে যেতে চাইছিলেন না। সুকান্তবাবু ঘটনাস্থলে যান এবং এফআইআর করা সহ এনআইএ তদন্তের কথা জানান। ভোটারদের বুথে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন তিনি। সুকান্তবাবু বলেন, রাতে বোমা মেরেছে, গুলি চলেছে, ৮ রাউন্ড গুলি চলেছে, কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। উলটে আমাদের বুথ সভাপতিকে নিয়ে গেছে। তিনি বলেন, এর বিরুদ্ধে আমরা কোর্টে যাব, এনআইএ তদন্তের দাবি জানাব। প্রমাণ লোপাটের জন্য রাস্তায় বোমার আঘাতের চিহ্ন পুলিশ জল দিয়ে ধুয়ে দিয়েছে।

ছবি: রাস্তায় বোমার আঘাতের চিহ্ন সরেজমিনে খতিয়ে দেখছেন সুকান্ত মজুমদার।
এই সঙ্গে বিজেপি-র তরফে অভিযোগ করা হয়, উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েতের হালদার মোড়ে বিজেপির নেতা ও কর্মীদের বাড়ির লক্ষ্য করে রাতভোর বোমা ফেলা হয়। ৮ থেকে ১০ টি বাড়ি ভাঙ্গচুর ও লুঠপাট করা হয় তৃণমূলের তরফে। এক স্কুল শিক্ষিকাকে অপহরণ করে খুনের হুমকি দেয় দুষ্কৃতীরা। বিজেপি প্রার্থী ১৪৬ নম্বর বুথের মহাদেব সরদারের বাড়িতেও হামলা চালায়।

