ভীমগড়ে ইস্কন মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ১৮ ডিসেম্বর: ভীমগড়ে ইস্কন মন্দিরে বড় অগ্নিকাণ্ডের পর রবিবার সামাজিক মাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

‘জ্বলছে ইস্কন’ শিরোনামে তিনি ভিডিও-সহ লেখেন, “একমাসের ব্যবধানে পরপর দুবার বীরভূমের খয়রাশোল ব্লকের ভীমগড়ের ইস্কন মন্দিরের ওপর অগ্নিসংযোগের ঘটনা ঘটলো। প্রশাসন নির্বিকার। প্রথমবার ঘটনা ঘটার পরে প্রশাসন কেন কোনো ব্যবস্থা নিলো না? মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে সনাতনীদের কি ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের অধিকার নেই? পশ্চিমবঙ্গ তো এখনো বাংলাদেশ হয়ে যায়নি।

সরকার এবং প্রশাসনের কাছে দুষ্কৃতীদের অবিলম্বে দ্রুত গ্রেফতারের এবং মন্দির আশ্রমের সুরক্ষার বন্দোবস্ত করার দাবি জানাচ্ছি। এই ঘটনার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা না নিলে সনাতনীদের সুরক্ষার জন্য বিজেপি পথে নামতে বাধ্য হবে।”

উল্লেখ্য, শনিবার ভোরে বীরভূমের খয়রাশোল থানার অন্তর্গত ভীমগড়ের চূড়র গ্রামে ইসকনের ভক্তি বেদান্ত ভোকেশন্যাল ট্রেনিং আশ্রমের ভজন কুঠির আগুনে ভস্মীভূত হয়ে যায়। আগুনে মন্দিরের বিগ্রহ, তুলসী বৃক্ষ, মন্দিরের সমস্ত পুজোর সামগ্রী, বিছানা পত্র সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে যায়। যে সময় আগুন লাগে সেই সময় ওই কুঠিরে মন্ত্রী রুই দাস নামে এক ভক্ত শুয়েছিলেন। সেও কোনো রকমে প্রাণে বাঁচেন।

এর আগে গত ৯ ডিসেম্বর রাতে এই আশ্রমে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ৷ তবে সেই আগুন খুব বেশি ছড়ানোর আগেই ভক্তরা দেখতে পাওয়ায় তড়িঘড়ি আগুন নেভানো হয়৷ সেই দিনই ইসকনের তরফে খয়রাশোল থানায় অভিযোগ জানানো হয়৷ কিন্তু তারপরেও শনিবার ভোর রাতে ফের মন্দিরের চার দিক থেকে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *