“সিনেমা বেরবে সায়নীর অন্তর্ধান রহস্য” ইডির নোটিশ পাওয়ার পর থেকেই উধাও তৃণমূল যুব নেত্রীকে কটাক্ষ সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ২৯ জুন: নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষকে নোটিশ পাঠিয়েছে ইডি। আর তারপর থেকেই উধাও সায়নী ঘোষ। তার পূর্বনির্ধারিত একাধিক কর্মসূচি বাতিল করে দিয়ে একরকম বেপাত্তা তিনি। এই বিষয়ে কোথাও কোনো রকম প্রতিক্রিয়াও দেননি তিনি। আর এই প্রসঙ্গেই সায়নী ঘোষকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, এরপর সিনেমা বেরবে সায়নী অন্তর্ধান রহস্য।

প্রায় এক বছরেরও বেশি সময় ধরে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে। তাবড় তাবড় তৃণমূল নেতা এই মামলায় জেলে রয়েছেন। দুর্নীতির শেকড়ে পৌঁছতে গিয়ে নাম জড়িয়েছে একের পর এক তৃণমূল নেতার। এবার সেই তালিকায় নতুন সংযোজন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ। তাকেও দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি।

কিন্তু ইডি’র ডাক পাওয়ার পর থেকেই তিনি উধাও। কোথাও তাকে দেখা যাচ্ছে না। বাতিল করে দিয়েছেন একাধিক কর্মসূচি। এই পদক্ষেপের কারণেই সায়নী ঘোষকে চূড়ান্ত কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন,”উনি বোধ হয় ভয় পেয়েছেন। এরপর সিনেমা বেরবে সায়নী অন্তর্ধান রহস্য, আমরা দেখব।”

সুকান্ত বলেন, কুন্তলের দেওয়া গাড়ি চড়ে ঘোরেন বলে সংবাদ মাধ্যম থেকেই জেনেছি। আর এই কুন্তল দুর্নীতির অভিযোগে জেলে আছেন। কেন এই রকম একজন অভিযুক্তের টাকায় গাড়ি চড়েন সায়নী সেটা উনিই বলতে পারবেন। যার নাম দুর্নীতির সাথে যুক্ত তার সঙ্গে কিসের সম্পর্ক সেটা তো বলতে হবেই।

আগামীকাল অর্থাৎ শুক্রবার সকাল ১১ টায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা তৃণমূল যুবনেত্রী সায়নীর। হঠাৎ উধাও হবার পর আদৌ তিনি সেখানে হাজিরা দেন কি না সেটাই এখন দেখার অপেক্ষায় সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *