রাজ্য সরকারের ভাঁড়ে মা ভবানী! সমবায় ব্যাঙ্ক থেকে টাকা তুলে নেওয়ার পরামর্শ সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ৬ সেপ্টেম্বর: মঙ্গলবার রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যের সমবায় ব্যাঙ্ক গুলি থেকে টাকা তুলে নেওয়ার পরামর্শ দিলেন রাজ্যবাসীকে। বালুরঘাটের সাংসদের কথায় জেলায় জেলায় সমবায় ব্যাঙ্ক গুলিতে যদি কেউ আমানত সঞ্চয় করে থাকেন তাহলে যতটা সম্ভব কম রাখুন।

কিন্তু বিজেপি রাজ্য সভাপতি কেন এমন পরামর্শ দিলেন? মঙ্গলবার জলপাইগুড়িতে সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার বলেন, রাজ্য সরকারের ভাঁড়ে মা ভবানী। তাই সমবায় ব্যাঙ্ক গুলি থেকে টাকা তুলে নিচ্ছে রাজ্য সরকার। তাতে বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে সাধারণ মানুষের সঞ্চিত টাকা। বিজেপি রাজ্য সভাপতি বলেন, ভবিষ্যতের টাকা তুলতে গিয়ে আপনারা পাছে সমস্যায় না পড়েন বা আপনাদের পস্তাতে না হয় তাই সমবায় ব্যাঙ্ক গুলিতে টাকা রাখার পরিমাণ কমিয়ে দিন।

বাংলার সবচেয়ে বড় সমবায় ব্যাঙ্কের পরিচালনের মাথায় একসময় ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর সেই ব্যাঙ্কের পরিচালন থেকে তাকে কার্যত উৎখাত করা হয়। তারপর থেকে তিনিও সমবায় ব্যাঙ্কের ভবিষ্যৎ নিয়ে সরব হয়েছেন।

তৃণমূলের তরফে এর পাল্টা দিতে গিয়ে বলা হয়েছে, একটি রাজনৈতিক দলের সভাপতি হিসেবে দায়িত্বশীল কথা বলেননি সুকান্ত। এতে মানুষ বিভ্রান্ত হতে পারেন।

এদিন দুর্নীতির ইস্যুতেও সরব হয়েছেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা কেন্দ্র তো পাঠাতে চায়। আমরাও চাই কেন্দ্র টাকা পাঠাক। কিন্তু সেই টাকার রক্ষাকবচ চাই। নইলে তার লুটেপুটে খাওয়া চলবে।

মুখ্যমন্ত্রী পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের সম্পত্তি বৃদ্ধির অভিযোগ নিয়েও খোঁচা দেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, ওনারা স্ট্র দিয়ে লস্যি খেতে শেখেননি। গ্লাসে চুমুক দিয়ে খেয়েছেন। তাই গোঁফে নাকে মুখে লেগে রয়েছে। একটু নাড়াচাড়া দিলেই দুর্নীতির কফিন খুলে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *