স্বাস্থ্যসাথী কার্ডে অভিষেক কেন চিকিৎসা করাচ্ছেন না? কেন দুবাই যেতে হচ্ছে? রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে কটাক্ষ সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ৩ জুন: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসা করাতে দুবাই গেছেন। আর এই ঘটনায় রাজ্যের চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার। প্রশ্ন তুলেছেন কেন স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়?

দুবাই গিয়ে চোখের চিকিৎসা করানোর ক্ষেত্রে আপত্তি জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। আদালত তাকে দুবাই যাওয়ার অনুমতি দিয়েছে। কিন্তু এই বিষয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

শুক্রবার বাগডোগরা বিমানবন্দরে নামেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসার জন্য দুবাই যাচ্ছেন। আমরা ভেবেছিলাম স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে পশ্চিমবঙ্গে চিকিৎসা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই তিনি কটাক্ষ করে বলেন, এর থেকেই স্পষ্ট হয়ে যায় পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থা কেমন?”

বৃহস্পতিবার আদালতে এই নিয়ে প্রশ্ন তোলে ইডি। তাদের বক্তব্য ছিল, ভারতে এত সেরা চক্ষু চিকিৎসা প্রতিষ্ঠান থাকতেও কেন অভিষেককে দুবাই যেতে হচ্ছে? তাদের দাবি, অভিষেক কোন চিকিৎসকের কাছে চিকিৎসা করাবেন তাও স্পষ্ট করে জানাননি। এর উত্তরে অভিষেকের আইনজীবী বলেন, যেকোনো জায়গায় চিকিৎসা করাতে পারেন কেউ। এতে অসুবিধার কিছু নেই।

অন্যদিকে শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বলেন, তারা বেশির ভাগ আসনে প্রার্থী দিলেও সব আসনে পারেননি। এর কারণ ব্যখ্যা করতে গিয়ে তিনি বলেন, “রাজ্য সরকার চালাকি করছে। সময় দিচ্ছে না।” তাঁর কথায়, “ওদের মাঠ, ওদের বাড়িতে নিজের মতো করে খেলছে। জনগণ যদি ভোট দিতে পারে তাহলে প্রধান বিরোধী দল হিসেবে আমরা লড়াইটা করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *