সাথী দাস, পুরুলিয়া, ১১ জুলাই: পিছিয়ে পড়া জনজাতি শবরদের পাড়ায় গিয়ে স্কুল পড়ুয়া শিশুদের সঙ্গে নিজের জন্মদিন পালন করলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। সোমবার পুঞ্চা থানার দামোদরপুর গ্ৰামে শবরপাড়ার ৭২ জন পড়ুয়ার সঙ্গে জাতীয় সঙ্গীতে গলা মিলিয়ে তাদের হাতে উপহার তুলে দেন তিনি।

ওরা প্রায় সবাই প্রথম প্রজন্মের পড়ুয়া। ওদের জন্মদিন লিখে রাখার প্রথা নেই। জন্মদিনের অর্থ কী, ওরা জানে না। তাদেরই পাশে থেকে জন্মদিনের মানে শেখালেন পঁয়ষট্টিতে পা রাখা সুজয়।

তিনি বলেন, “ধীরে ধীরে সমাজের মূল স্রোতে আসছে শবররা। ওরা জন্মদিন পালন করত না। আমরা ওদের সময় সচেতন করতে জন্মদিন পালন, শিক্ষার বয়স সম্পর্কে সচেতন করছি।”

