TMC, Midnapur, মেদিনীপুরে পুনরায় তৃণমূলের প্রার্থী হলেন সুজয় হাজরা, আতশবাজি ফাটিয়ে উচ্ছ্বাস কর্মীদের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে পুনরায় তৃণমূল প্রার্থী হিসেবে সুজয় হাজরার নাম ঘোষণা করলেন অভিষেক ব্যানার্জি। গত বিধানসভা উপ নির্বাচনে জয়ী হয়ে ১৪ মাসের জন্য বিধায়ক হয়েছিলেন সুজয় হাজরা। তৃণমূলের জেলা সভাপতির দায়িত্ব ও বিধায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সফলভাবে তা পালন করায় পুনরায় প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করেছেন অভিষেক ব্যানার্জি। জেলার বেশ কিছু বিধানসভাতে প্রার্থী পরিবর্তন হলেও মেদিনীপুরে ভরসা ছিল সেই সুজয় হাজরার ওপরেই। দল সেই সুজয় হাজরার নাম ঘোষণা করার পরেই দলের নেতা- কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

মেদিনীপুর শহরে জেলা তৃণমূল কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করার সময় উপস্থিত ছিলেন সুজয় হাজরা এবং সভাধিপতি তথা নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের নতুন তৃণমূল প্রার্থী প্রতিভা রানী মাইতি। প্রার্থী হিসেবে নাম দু’জনেরই নাম ঘোষণা করার পর তাদের ফুল ও দিয়ে মিষ্টি খাইয়ে অভ্যর্থনা জানান দলের কর্মীরা। তারপরেই জেলা কার্যালয়ের সামনে নান্নুরচক এলাকায় আতশবাজি ও পটকা ফাটিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সকলে।

সুজয় হাজরা জানিয়েছেন, ১৪ মাসের জন্য বিধায়ক হয়েছিলাম। তাতেও যথাসাধ্য উন্নয়ন করার চেষ্টা করেছি। প্রায় ৭০ কোটি টাকা খরচ করে বিভিন্ন উন্নয়ন করা হয়েছে। বাকি অবশিষ্ট যা রয়েছে সেগুলি এবার করার চেষ্টা করব।তিনি বলেন, এস আই আর সহ বিভিন্নভাবে নির্বাচন কমিশন মানুষকে যে হয়রানি করেছে সে কথা মানুষকে আরো একবার মনে করিয়ে ভোট প্রার্থনা করব।

একইভাবে এসআইআর ইস্যু সহ বিজেপির বিভিন্ন নেতিবাচক নীতিগুলি তুলে ধরে নারায়ণগড়ে প্রচার করবেন বলে জানান নারায়নগড়ের তৃণমূল প্রার্থী প্রতিভা রানী মাইতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *