পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ মার্চ: শুক্রবার রাতের প্রবল ঝড়ে ক্ষতিগ্রস্ত মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকা শনিবার সকাল থেকেই পরিদর্শন করলেন বিধায়ক তথা মেদিনীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। ক্ষয়ক্ষতির চিত্র খতিয়ে দেখতে তিনি কুইকোটা, বার্জটাউন, দলীয় কার্যালয় এবং মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল- সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন। ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এদিন ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি জোরকদমে নির্বাচনী প্রচারও চালান তিনি। সিতানাথপুর থেকে পালোইবনি পর্যন্ত বিস্তৃত এলাকায় জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন সুজয় হাজরা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরেন এবং আগামী দিনে আরও উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

অন্যদিকে, ভাতমোড় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে আয়োজিত অন্নপূর্ণা পুজোতেও উপস্থিত ছিলেন তিনি। সেখানে সাধারণ মানুষের সঙ্গে মিশে নিজে হাতে ভক্তদের মধ্যে পুজোর ভোগ বিতরণ করেন। এই অনুষ্ঠানের মাধ্যমে জনসংযোগ আরও জোরদার করেন তৃণমূল প্রার্থী।

সব মিলিয়ে, ঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবিলা এবং নির্বাচনী প্রচার, দুই ক্ষেত্রেই সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায় সুজয় হাজরাকে। তাঁর এই উদ্যোগে স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে।

