আমাদের ভারত, ৯ সেপ্টেম্বর: পার্লামেন্ট মিউজিয়াম শুক্রবার থেকে বন্ধ হয়ে গেল। এতে তোপ দেগেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তি।
তিনি শুক্রবার টুইটারে লিখেছেন, “দিল্লিতে পার্লামেন্ট মিউজিয়াম বন্ধ করা হল। স্পিকার সোমনাথ চ্যাটার্জির উদ্যোগে ড: সরোজ ঘোষের পরিকল্পনায় এই মিউজিয়াম বিশ্ববন্দিত। শিক্ষা এবং চর্চায় খুবই গুরুত্বপূর্ণ। বাংলার মানুষের কাছে গর্বের তো বটেই। দেশের ইতিহাস ঐতিহ্য বিকৃতির পথেই আরএসএস। সেই লক্ষ্যেই মোদীবাহিনী। ছিঃ!”
প্রসঙ্গত, শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য দৃষ্টির আড়ালে চলে যাচ্ছে সংসদ ভবনের অফিসে বসা জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রীর কুর্সি। রাষ্ট্রপতি ভবন, নর্থ-সাউথ ব্লক তৈরির সার লুটিয়েন্সের ব্লু-প্রিন্ট, চাঁদ থেকে আনা বিরল পাথর সহ একাধিক মূল্যবান সামগ্রী। কারণ, ভেঙ্গে ফেলা হচ্ছে বাঙালির হাতে গড়া পার্লামেন্ট মিউজিয়াম।
২০০৬ সালে মাত্র সাড়ে তিন কোটি টাকা খরচে তৈরি করা হয়েছিল এই মিউজিয়াম। প্রতি পরতে পরতে মিশে ছিল বাঙালির ভাবনা। সংসদের লাইব্রেরি বিল্ডিংয়ে অভিনব এই সংগ্রহশালা তৈরির জন্য ২০০৫ সালের ২১ এপ্রিল ডাকা হয়েছিল সর্বদলীয় বৈঠক। সেটিই দস্তুর। দেখানো হয়েছিল। প্রস্তাবিত মডেল। পরে চূড়ান্ত নকশা সহ বিস্তারিত জানাতে ফের ২০০৬ সালের ১৭ মার্চ ডাকা হয় সর্বদলীয় বৈঠক। সেখানেই অনুমোদন হয় সংসদ সংগ্রহশালা।
লোকসভার তৎকালীন কাউন্সিল অব মিউজিয়ামের প্রাক্তন সভাপতি বাঙালি মিউজিওলজিস্ট ডঃ সরোজ ঘোষের হাতে গড়ে উঠেছিল ১,৬০০ বর্গ মিটার এলাকার দোতলা সংগ্রহশালা। দিনরাতের পরিশ্রমে কলকাতা থেকে আনা সামগ্রী আর কারিগরের হাতে গড়া এই সংগ্রহশালার উদ্বোধন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি ডঃ এ পি জে আব্দুল কালাম, ২০০৬ সালের ১৪ আগস্ট।
এখানে রয়েছে বৌদ্ধিক কাউন্সিল, দিন-ই- ইলাহি, বৈচিত্রের মধ্যে ঐক্য, স্বাধীনতা সংগ্রাম, ডান্ডি মার্চের নিদর্শন। ঐতিহাসিক সেন্ট্রাল হলের মডেলে ফ্রিডম অ্যাট মিডনাইটে নেহরুর বক্তৃতা। মহাত্মা গান্ধীর কণ্ঠস্বর। লোকসভার প্রথম স্পিকার গণেশ বাসুদেব মডালঙ্কারের ব্যবহৃত পোশাক, রাজসভার প্রথম চেয়ারম্যান ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের ব্যবহৃত রেডিও।
নয়া সংগ্রহশালা তৈরিতে খরচ হবে ১৯ কোটি ৪ লক্ষ ৪০ হাজার ৮৬৬ কোটি টাকা। জারি হয়েছে টেন্ডার। শীঘ্রই কাজ শুরু করবে সিপিডব্লুডি। তাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে মিউজিয়াম। ফের কবে সর্বসাধারণের দর্শনের জন্য ফিরবে, বা আদৌ এইগুলিই আর ফিরবে কি না, নিশ্চিত করে বলতে পারছেন না সংগ্রহশালার সংশ্লিষ্ট অফিসাররাও। অর্থাৎ, বৃহস্পতিবার সন্ধ্যায় সেন্ট্রাল ভিস্তার উদ্বোধনের প্রায় একই সঙ্গে বন্ধ হয়ে গিয়েছে সংসদ সংগ্রহশালার দরজা।

