এসএসসির কর্তাদের হাইকোর্টে স্থায়ী ভাবে চেয়ার নিয়ে বসে থাকার আর্জি সুজন চক্রবর্তীর

অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ৯ ডিসেম্বর: মামলার জেরে জর্জরিত এসএসসির কর্তাদের হাইকোর্টে স্থায়ী ভাবে চেয়ার নিয়ে বসে থাকার আর্জি জানালেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

বৃহস্পতিবার তিনি টুইটারে লিখেছেন, “এসএসসির চেয়ারম্যান, সচিবের রোজই হাজিরা কেন? বরং হাইকোর্টে স্থায়ী ভাবে চেয়ার নিয়ে বসে থাকুন না। নিয়োগের নামে অবাধ দুর্নীতি আর চরম কেলেঙ্কারি যে। নেতা মন্ত্রীদের দুর্নীতির পাহাড় কত ধামাচাপা দেবেন? দপ্তরে বসে কাজ কি? তার চেয়ে চেয়ার নিয়ে হাইকোর্টে বসে থাকাই শ্রেয়!“

টুইটের সঙ্গে যুক্ত করা প্রকাশিত খবরে লেখা, “এবার রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগের দুর্নীতি প্রকাশ্যে এল গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে শোরগোল চলেছে। তার মধ্যেই মঙ্গলবার কলকাতা হাইকোর্টে গ্রুপ-সি পদে ৩৫০ জনের নিয়োগে বেনিয়ম এবং দুর্নীতি প্রকাশ্যে এসেছে। হাইকোর্ট এই মামলায় এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদকে যুক্ত করার নির্দেশ দিয়েছে। বেআইনিভাবে কর্মরত গ্রুপ-সি পদের একজন কর্মীর বেতন বন্ধ করার নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশে বেআইনিভাবে নিয়োগের ফলে গ্রুপ-ডি পদের ৫৪২ জনের বেতন আগে থেকেই বন্ধ রয়েছে। সরকারি স্কুল এবং সরকার পোষিত
স্কুলগুলিতে কর্মী নিয়োগে বেলাগাম দুর্নীতি নিয়ে কাঠগড়ায় উঠেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *