সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৫ জুন: প্রাক বর্ষার জমা জলে দুর্ভোগের শিকার হলেন পুরুলিয়া ১ ব্লকের মাহালিতোড়া গ্রামের বাসিন্দারা। রেল ও পঞ্চায়েতের রাস্তার টানাপোড়েনে নালার ব্যবস্থা নেই গ্রামে। তাই বর্ষার আগে সামান্য বৃষ্টিতে গ্রামের রাস্তায় দাঁড়িয়ে যায় এক হাঁটুর বেশি জল। ফলে বাইরে যাতায়াত বন্ধ। একরকম অবরুদ্ধ হয়ে রয়েছেন বাসিন্দারা। জল ঢুকছে বাড়ির মধ্যে। প্রতিবাদে গ্রামের মহিলা পুরুষ একত্রিত হয়ে বৃষ্টিকে উপেক্ষা করেই পুরুলিয়া-বোকারো রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন।
পুরুলিয়া ১ নম্বর ব্লকের লাগদা গ্রাম পঞ্চয়েতের অন্তর্গত মাহালিতোড়া গ্রামের বাসিন্দাদের এই অবরোধের জেরে রাস্তায় যানবাহন চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়। খবর পেয়ে মফঃস্বল থানার পুলিশ গ্রামবাসীর সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেয়। দুঘন্টার বেশি সময় ধরে চলে বিক্ষোভ। গ্রামবাসীর অভিযোগ, রেল কর্তৃপক্ষ ও পঞ্চায়েতের টানাপোড়েনে দুর্ভোগের শিকার হচ্ছেন তাঁরা। গ্রামে নিকাশি ব্যবস্থা ও নালার জন্য বিভিন্ন দফতরে আবেদন জানানো হলেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ অবরোধকারীদের। তাই শেষমেষ পথ অবরোধে সামিল হন বলে জানান তাঁরা।

খোদ তৃণমূল প্রধানের বাড়ি এই গ্রামে হলেও রেলের অনুমতি না মেলায় নিরূপায় তিনিও। লাগদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান শান্তবালা মাহাতোর দাবি, “রাস্তার সামনেই রয়েছে রেলের লাইন। তাই রাস্তার নালা তৈরির জায়গাও রেলের। তাই আমাদের গ্রামের নালা তৈরীর কোনও জায়গা নেই। আমরাও বিভিন্ন জায়গায় আবেদন জানিয়েছি। কিন্তু রেল এখনো অনুমতি দেয়নি। রেল যদি অনুমতি দেয় তাহলে সঙ্গে সঙ্গেই আমরা নালা তৈরি করে ফেলব।”

