ঘাটালে বন্যায় মৃতদেহ সৎকারের ভোগান্তি, নৌকোয় করে দেহ নিয়ে এসে সৎকার

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর:
বন্যা পরিস্থিতির ফলে ঘাটাল মহাকুমার বিভিন্ন এলাকার বাসিন্দারা একাধিক সমস্যার মুখে পড়েছেন। সেরকমই মৃতদেহ সৎকারে ভোগান্তির শিকার হতে হল ঘাটালের ৯ নাম্বার ওয়ার্ডের এক পরিবারকে।

উল্লেখ্য নিম্নচাপের জেরে অনবরত বৃষ্টির ফলে ঘাটাল মহাকুমায় ফের বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘাটাল পুরসভার ১২টি ওয়ার্ডই জলমগ্ন হয়ে পড়েছিল। জল কমতে শুরু করলেও কিছু কিছু এলাকা থেকে এখনো পুরোপুরি জল নামেনি। নিচু এলাকাগুলি এখনো জলের তলায়। তাই সেই সব এলাকার মানুষজনকে বারবার ভোগান্তির শিকার হতে হচ্ছে।

ঘাটালের ৯ নম্বর ওয়ার্ডে এক বৃদ্ধার মৃত্যু হয়। চারিদিকে জল থৈথৈ করছে কি করবে মৃতদেহ নিয়ে? একে শোকের ছায়া সাথে ভোগান্তি। শেষমেষ নৌকোয় করে মৃতদেহ নিয়ে এসে সৎকারের ব্যবস্থা করা হল। স্থানীয় এক বাসিন্দা জানান বাড়ির বাইরে জল, তাই নৌকো ভাড়া করে নিয়ে এসে সৎকার করা হচ্ছে। জল প্রথম দিকে কিছুটা কমতে শুরু করলেও এখন থমকে আছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *